ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মো. সেলিমকে ১৩ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম রোববার এ রায় দেন।
হাজী সেলিমকে সহযোগিতার দায়ে স্ত্রী গুলশান আরাকে তিন বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তারা দু'জনেই পালিয়ে থাকায় আটক বা আত্মসমর্পনের দিন থেকে সাজা কার্যকর হবে। বিচারক এ দম্পতির অবৈধভাবে অর্জিত প্রায় ২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে হাজী সেলিম দম্পতির বিরুদ্ধে গত বছরের ২৪ সেপ্টেম্বর লালবাগ থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম।
এরপর চলতি বছরের ১ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দম্পত্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. আবু সাঈদ।
অভিযোগপত্রে বলা হয়, হাজী সেলিম জানা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ২৬ কোটি ৯২ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া, কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে তিনি প্রায় ১০ কোটি ৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
অভিযোগপত্রে আরো বলা হয়, হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা তার স্বামীর অর্জিত প্রায় চার কোটি ৮৮ লাখ টাকা নিজ নামে রেখে এবং স্বামীকে সহায়তা করে অপরাধ করেছেন।
হাজী সেলিম ও গুলশান আরা সম্পদ বিবরণীতে প্রায় ৫৯ কোটি ৩৭ লাখ টাকার হিসাব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/কিউএইচ/এসএনডি/১৬৩০ ঘ.
bdnews24