ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান।
তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার করে যত দ্রুত সম্ভব নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ যাতে দূরীভূত হয় সেজন্যে জরুরি অবস্থা তুলে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। "
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংস্কারপন্থি বিএনপির 'নির্বাচনী আইন ও বিধি সংস্কার' বিষয়ে সংলাপ অনুষ্ঠানে মাহবুবুর রহমান এ দাবি জানান।
আলোচনার সময় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, জুনে ভোটার নিবন্ধন শেষ হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে ইসি চিন্তাভাবনা করবে। আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিসহ নির্বাচনী আইনে 'না' ভোটের প্রস্তাবিত বিধান রহিত করা, নির্বাচনী ব্যয় সংকোচন করা, নির্বাচনী পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা, সম্ভব হলে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ারও সুপারিশ করেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান।
বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুপারিশ সর্ম্পকে ব্যাখ্যা দিয়ে বলেন,'' আমি মূলত নির্বাচনের সময়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত মোতায়েনকালে তাদের 'এ্যারেস্টিং পাওয়ার' দেওয়ার সুপারিশের কথাই বলতে চেয়েছি।''
মাহবুবুর রহমান বলেন, "আগামী নির্বাচন অনুষ্ঠান ইসির জন্য একটা বড় চ্যালেঞ্জ। তৃণমল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে।" বর্তমানে বাংলাদেশে বিরাজমান সংকটে রাজনীতির অনুপস্থিতির কারণে নেতৃত্বে শূণ্যতা সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
হরতাল আইন করে বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, "কর্মসংস্থান বাড়ানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ 'সহনীয়' পর্যায়ে না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। মানুষ চায় যতদ্রুত সম্ভব নির্বাচন; রাজনীতি শূণ্যতা, নেতৃত্ব শূন্যতা মানুষ চায় না।"
নির্বাচনী আইনের ৮০ শতাংশ প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত পোষণ করে জানিয়ে বিএনপি'র অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "নির্বাচনী আইনের এই সংশোধনী হলে দেশের রাজনৈতিক অঙ্গণে গুনগত পরিবর্তন আসবে। আমার দল কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে প্রায় একমত।"
২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে হাফিজ আহমেদ বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান প্রশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।'
বর্তমান সরকারের প্রশাসন একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন হাফিজ। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা না থাকলে দেশেও গণতন্ত্র আসবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "আগামী নির্বাচনে যাতে কালো টাকা মুক্ত, পেশীশক্তি মুক্ত এবং মনোনয়ন বাণিজ্যের প্রভাব না থাকে- তেমন কার্যকর ব্যবস্থা নিতে হবে। সংস্কারের অন্যতম লক্ষ্যই হবে দরিদ্র লোকও যেনো নির্বাচনে যেতে পারে এবং সে নির্বাচন যেনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়।"
রোববার সকাল ১০টা ১০ মিনিটে শেরে বাংলা নগরে কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে সংস্কারপন্থি বিএনপির সংলাপ শুরু হয়ে বেলা ১২টার দিকে শেষ হয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ কর্মসূচী শেষ হয়েছে।
বিএনপির সঙ্গে সংলাপের মাধ্যমে আইনী প্রক্রিয়ার শুভ সমাপ্তিকে ইসির 'প্রশান্তি' অভিহিত করে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, "বিএনপি যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে- সেটাই গণতন্ত্রের জন্য উত্তম।"
রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার বিষয়ে সিইসি জানান, নিবন্ধনের মাধ্যমে দলগুলোকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে চায় না ইসি। সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ক্ষমতায় যেতে নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, "আমরা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই এবং তা রোডম্যাপের মধ্যেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা রয়েছে। জুন মাসের মধ্যে সারাদেশে ভোটার নিবন্ধন হয়ে গেলে নির্বাচনের তারিখের বিষয়টি ঠিক করতে পারব।"
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের সার্বিক প্রস্তাবনাগুলো 'প্রামাণ্য দলিল' হিসাবে নির্বাচন কমিশন প্রকাশ করবে বলে জানান সিইসি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান সংলাপে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাসহ দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ও কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির সংলাপে উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, এম এ হাকিম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক সাংসদ আবদুল আলীম, শাহ মো: আবুল হোসাইন, নাজির হোসেন, আবদুল খালেক চন্টু, নাসিরুল হক সাবু, ডা: জিয়াউল হক মোল্লা, আব্দুল আলিম ও তাসমিম রানা।
সংলাপে বিএনপি'র সংস্কার প্রস্তাবনার সার্বিক সুপারিশ তুলে ধরেন মোফাজ্জল করিম।
সংলাপ শেষে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহবুবুর রহমান বলেন, "বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপি'র পূর্ণাঙ্গ স্বত্ত্বার প্রতিনিধিত্ব করছি আমরা। আগামীতে বিএনপি জনমানুষকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করবে।"
বিএনপি ঐক্যবদ্ধবাবে ইসির সংলাপে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "সংলাপে আসার আগে বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে, তাদের আহ্বান জানিয়েছি। খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে বলা হয়েছে। তারা আসেননি। একথা বলা ঠিক হবে না যে, আমরা ঐক্যবদ্ধভাবে আসিনি। এটা সময়ের ব্যাপার। আমরা একতাবদ্ধ হবো।"
ইসির সঙ্গে আজকের সংলাপ ফলপ্রসু হয়েছে জানিয়ে এ বছরই জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্বাচন হবে বলে আশাবাদ রাখেন তিনি।
কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠান হওয়ার কথা ছিল গত বছরের ২২ নভেম্বর। সে অনুযায়ী গত ৫ নভেম্বর কমিশন সংলাপের আমন্ত্রণ জানায় বিএনপির সংস্কারপন্থি অংশের অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদকে। পরে ১৮ নভেম্বর কশিমনের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া একটি রিট মামলা দায়ের করলে বিএনপির সঙ্গে সংলাপ ঝুলে যায়। দীর্ঘ সময়ে শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিলে গত ২২ এপ্রিল অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নির্বাচন কমিশন পুনরায় সংলাপের আমন্ত্রণ জানায়।
গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং দ্বিতীয় দফায় গত ২৪ ফেব্র"য়ারি সংলাপ শুরু হয়। দুই দফায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জামায়াতে ইসলামী, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাপ (মোজাফফর), জাসদ (ইনু), জাসদ (জিকু), সাম্যবাদী দল, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি) ও খেলাফত মজলিশ-- এ ১৬ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।
এছাড়াও গণফোরাম, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ কয়েকটি ছোট রাজনৈতিক দলের সঙ্গেও অনানুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন সংলাপ করেছে।
বিএনপির একাংশের সঙ্গে সংলাপ অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এএইচডি/আরএ/জিএনএ/
bdnews24