২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরেবাংলার ৪৬তম মৃত্যুবার্ষিকী রোববার

শেরেবাংলা একে ফজলুল হকের ৪৬ তম মৃত্যুবার্ষিকী রোববার। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কৃষক অধিকার আন্দোলনের এই নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা একে ফজলুল হকের ৪৬ তম মৃত্যুবার্ষিকী রোববার। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কৃষক অধিকার আন্দোলনের এই নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল মারা যান। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিকও সাংস্কৃতিক নানা কর্মসূচি নিয়েছে। সকাল ৮টায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হবে। এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্ম গ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে বাংলার কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কৃষক-শ্রমিকের অধিকার রক্ষায় গঠন করেন কৃষকপ্রজা পার্টি। শোষণের হাত থেকে কৃষকদের রক্ষায় তারই উদ্যোগে ঋণ সালিশি বোর্ড গঠন করা হয়। শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শনিবার আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "এদেশের কৃষক ও শ্রমিকের আর্থ-সামাজিক উন্নয়নে এ কে ফজলুল হকের কৃতিত্বপূর্ণ অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বহুমুখী প্রতিভার অধিকারী শেরে বাংলা এদেশের শিক্ষা, রাজনীতি, সমাজ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, তা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।" প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "তিনি ছিলেন উপমহাদেশের রাজনীতিতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। এ অঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক মুক্তি ও শিক্ষা বিস্তারে তার অবদান অসামান্য। ঋণ সালিশি বোর্ড গঠন করে তিনি শোষণের হাত থেকে কৃষকদের রক্ষা করেন এবং ফসলি জমির অধিকার প্রতিষ্ঠা করেন। জাতীয় এ নেতার মহান জীবন আদর্শ আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএইচবি/২০৪৫ ঘ.