ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জরুরি ক্ষমতা আইনে মামলায় উচ্চ আদালত অভিযুক্তর জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এর অর্থ জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তর জামিন বিবেচনা করতে পারবে না।
(আরো তথ্য ও মন্তব্যসহ)
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ "আপিল অ্যালাউড"এই দুই শব্দে রায় দেন।
গত বছর ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে এ আইনে বিচারাধীন মামলায় জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
এর পরে এক ঘটনায় ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় খুলনার তেল ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে গত বছর ২৯ মার্চ জামিন আবেদন করেন।
ওই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আপত্তি জানিয়ে বলা হয়, জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না। এ প্রশ্ন নিয়ে হাইকোর্ট তখন বিস্তারিত শুনানি গ্রহণ করে।
সরকার পক্ষ থেকে যুক্তি তুলে ধরে বলা হয়েছিল, জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধিতে বলা আছে, এ আইনে দায়ের করা মামলার অনুসন্ধান ও তদন্ত চলাকালে কোন অভিযুক্ত কোন আদালত বা ট্রাইবুনালে জামিনের আবেদন জানাতে পারবে না। এই ধারার আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকেও বোঝানো হয়েছে। তাই কোন অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টেও জামিনের আবেদন জানাতে পারবে না।
হাইকোর্ট এ বিষয়ে উচ্চ আদালতের সিনিয়র আইনজীবীদের 'এমিকাস কিউরি' নিযুক্ত করে এ বিষয়ে তাদের মতামত গ্রহণ করেন।
এমিকাস কিউরি ও জামিন আবেদনকারী পক্ষের যুক্তি ছিল, কোন ব্যক্তি কোন আদালতে জামিন চাইতে পারে না এ ধরণের আইন প্রণয়নের এখতিয়ার নির্বাহী কর্তৃপক্ষের নেই। এটি সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকে বোঝায় না। তাছাড়া মূল আইন জরুরি ক্ষমতা অধ্যাদেশে জামিন বিষয়ে কিছু বলা না থাকলেও বিধিমালায় জামিন চাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূল আইনকে লঙ্ঘন করে কোন বিধিমালা প্রণয়ন করা যায় না।
বিস্তারিত শুনানি গ্রহণ করে গত বছরের ২২ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন দিতে পারবে বলে রায় দেন। হাইকোর্ট তার রায়ে বলেছিল, জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকে বোঝায় না। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেন।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করলে গত বছর ২০ সেপ্টেম্বর আপিল বিভাগ লিভ মঞ্জুর করে। সরকারকে নিয়মিত আপিল করতেও তখন নির্দেশ দিয়েছিল আদালত। সরকার পরে নিয়মিত আপিল দায়ের করে।
গত ১৫ এপ্রিল এ আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেছিলেন আপিল বিভাগ। আপিল বিভাগে সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। জামিন আবেদনকারী মাইজউদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল মঞ্জুর করেছে"।
জামিন আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিয়েছে। হাইকোর্ট বলেছিল আদালত বা ট্রাইবুনাল বলতে সুপ্রিম কোর্টকে বোঝাবে না। তাই সুপ্রিম কোর্ট জামিনের আবেদন বিবেচনা করতে পারবে। কিন্ত সুপ্রিম কোর্ট বলেছে আদালত বা ট্রাইবুনাল বলতে সুপ্রিম কোর্টকেও বোঝাবে।"
এ মামলার হাইকোর্টের অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রফিক উল হক রায়ের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ের ফলে এখন জরুরি ক্ষমতা আইনের মামলায় আর কেউ জামিন চাইতে পারবে না।"
একইসঙ্গে তার মন্তব্য, "এ রায়ের মধ্য দিয়ে উচ্চ আদালত ও নিম্ন আদালতকে একই কাতারে নিয়ে আসা হয়েছে।"
রায়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, "মামলার গুরুত্ব বিবেচনা না করে যথেচ্ছভাবে জরুরি বিধির আওতায় আনার ফলে ২৭ হাজার ধারণ ক্ষমতার বিভিন্ন কারাগারে বর্তমানে ৮১ হাজার বন্দি রয়েছে। তাই জরুরি বিধি প্রয়োগের ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। পাশাপাশি এই বিধিমালা প্রয়োজনে সংশোধন করে আসামীরা যাতে জামিন পেতে পারে মামলার গুরুত্ব বিবেচনা করে আদালতকে সেই ক্ষমতা দিতে হবে।"
তিনি আরো বলেন, "উচ্চ আদালতের ক্ষমতা খর্ব করা কোনো সরকারের পক্ষে শুভ হতে পারে না। এতে করে জনসাধারণের ভোগান্তি বাড়ে এবং ন্যায়বিচার ব্যাহত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৪৭ ঘ.
bdnews24