২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের শিল্প ব্যাংক ঋণ মওকুফ দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ ছয় জনের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলার রায় দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল। মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় এ মামলাটির যুক্তিতর্ক গ্রহণ শেষে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার রায়ের এ তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ ছয় জনের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলার রায় দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল। মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় এ মামলাটির যুক্তিতর্ক গ্রহণ শেষে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার রায়ের এ তারিখ ধার্য করেন। এরশাদ ছাড়া অপর অভিযুক্তরা হলেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিল্পব্যাংকের তৎকালীন চেয়ারম্যান একেএম মোশাররফ হোসেন, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা ফিরোজ কবির, তার ভাই বোরহান উদ্দিন ও জাহাঙ্গীর কবির এবং জাহাঙ্গীর কবিরের স্ত্রী বেগম নুরুন্নাহার শেলী। এরশাদ, বোরহানউদ্দিন ও ফিরোজ কবির বর্তমানে জামিনে রয়েছেন। মঙ্গলবার তারা মামলার যুক্তিতর্কে আদালতে হাজিরা দেন। এ কে এম মোশাররফ হোসেন অপর এক মামলায় আটক রয়েছেন। তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। বেগম নুরুন্নাহার শেলী ও জাহাঙ্গীর কবির পলাতক রয়েছেন। 'থ্রি স্টার পোল্ট্র্রি ফার্ম' এর মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নুরুন্নাহার শেলীর নামে নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লক্ষ টাকা ঋণ মওকুফের অভিযোগে ১৯৯১ সালের ২২ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা গোলাম মর্তুজা বাদি হয়ে মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। মামলাটিতে ১৯৯১ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরের বছরের ৮ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/কিউএইচ/এমএ/১৫৫৫ঘ.