ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে আলোচ্যসূচি হিসেবে দুই নেত্রীর মুক্তির বিষয়টি আসতে পারে বলে জানিয়েছেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত অন্যতম উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
সংলাপ সফল হবে এমনকি প্রাক সংলাপও সফল হচ্ছে বলে আশা প্রকাশ করেছেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত আরেক উপদেষ্টা গোলাম কাদের।
তবে মূল সংলাপ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি।
সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত পাঁচ উপদেষ্টার দু'জন রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তাদের প্রত্যাশার কথা জানান।
দুই নেত্রীর মুক্তির বিষয়ে প্রধান দু'টি রাজনৈতিক দলের দাবি প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল রোববার সাংবাদিকদের বলেন, "দুই নেত্রীর মুক্তির বিষয় নিয়ে কথা হচ্ছে না। দলগুলোর সঙ্গে সংলাপের আলোচ্যসূচি নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে সংলাপ করা যায় তা নিয়ে আলোচনা করছি।"
তিনি বলেন, "সংলাপের আলোচ্যসূচিতে দুই নেত্রীর মুক্তির বিষয়টি আসতে পারে।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের বলেন, "সংলাপ সফল হবে। আমরা আশাবাদী"।
প্রাক সংলাপ খুব শিগগিরই শেষ হবে বলে তিনি জানান। তবে মূল সংলাপ কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে যোগাযোগ উপদেষ্টা বলেন, "এ বিষয়ে আমি বলতে পারছিনা"।
বিএনপির একটি অংশ প্রাক সংলাপে না আসা প্রসঙ্গে যোগাযোগ উপদেষ্টা বলেন, "অপর অংশটি যখন আসবে তখনই তাদের সঙ্গে আলোচনা করবো।"
দুই নেত্রীকে মুক্তি দেওয়া না হলে প্রধান দুটি দল নির্বাচনে যাবে না রাজনৈতিক দলগুলোর এ ধরনের দাবির পরিপ্রেক্ষিতে প্রাক সংলাপ বাধাগ্রস্ত হচ্ছে কিনা জানতে চাইলে গোলাম কাদের বলেন, "আমাদের সংলাপ বাধাগ্রস্তও হচ্ছে না বা ব্যর্থও হয়নি।" জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।
দুই নেত্রীর মুক্তির বিষয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না।
চলতি বছরের জানুয়ারিতে উপদেষ্টা পরিষদের রদবদল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নিয়োগের পরপরই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য পাঁচ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়। তারা আওয়ামী লীগের সঙ্গে দু'দফায় প্রাক সংলাপ বৈঠক করেন। এছাড়া জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও বিএনপি'র একাংশের সঙ্গেও প্রাক সংলাপ বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএআর/এমএ/১৬১৪ ঘ.
bdnews24