ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো নির্বাচনের চার মাস আগে জরুরি অবস্থা শিথিলের দাবি জানিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)। তা না হলে আদালতের আশ্রয় নেবে দলটি।
পিডিপির আহ্বায়ক ড. ফেরদৌস আহমদ কোরেশী শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মে মাসে চারটি সিটি করপোরেশন ও ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে ইসির পরিকল্পনা সম্পর্কে পিডিপি প্রধান বলেন, "বর্ষা মৌসুমের আগে কোনো নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা হবে অর্থহীন। বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে অক্টোবরে সিটি করপোরেশন ও পৌরসভা, নভেম্বরে উপজেলা পরিষদ এবং ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করা হবে যুক্তিসঙ্গত।"
দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জরুরি অবস্থা বহাল রেখে মাত্র ২১ দিনের নোটিশে নির্বাচনের ঘোষণা দেওয়া হলে নতুন দল বা ব্যক্তির তাতে অংশ নেওয়া সম্ভব হবে না। কারণ পুরোনো দলগুলোর সংগঠন ও প্রার্থী কমবেশি স্থির করা রয়েছে। ঘরোয়া রাজনীতি উন্মুক্তের মাধ্যমে সব পক্ষকে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ না দিলে নির্বাচন হবে গণবিরোধী এবং গণতন্ত্রবিরোধী।"
কোরেশী অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশনের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা দুটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে সংলাপের জন্য মরিয়া হয়ে উঠেছে। এর মাধ্যমে ১/১১ পূর্ববর্তী অপরাজনীতি আবার মাথা তোলার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ও রফিকুল হোসেন, কেন্দ্রীয় নেতা নূর মোহাম্মদ খান, গোলাম সারোয়ার মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৬২৪ ঘ.
bdnews24