২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তিতে কর্মসূচি দাবি, আশ্বাস দেলোয়ারের

খালেদা জিয়াকে মুক্ত করতে কর্মসূচি দাবি করেছেন সাবেক ছাত্রদল নেতারা। শনিবার বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করে শতাধিক সাবেক নেতা এ দাবির কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে মুক্ত করতে কর্মসূচি দাবি করেছেন সাবেক ছাত্রদল নেতারা। শনিবার বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করে শতাধিক সাবেক নেতা এ দাবির কথা জানান। খোন্দকার দেলোয়ার তাদের আশ্বাস দিয়ে বলেছেন, দলের মধ্যে আলোচনা করে কর্মসূচি দেওয়া হবে। শনিবার ন্যাম ফ্ল্যাটের বাসায় খোন্দকার দেলোয়ারের সঙ্গে দেখা করেন সাবেক ছাত্রদল নেতারা। '৮০ দশকের ছাত্রদল নেতা সম্মিলন' নামে সংগঠনের পক্ষে তারা খোন্দকার দেলোয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের সাবেক নেতা খন্দকার বাবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে খোন্দকার দেলোয়ারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক ছাত্র নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা কর্মসূচি চাই। ওই সময় উপস্থিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসম হান্নান শাহও মহাসচিবের উদ্দেশে বলেন, "কর্মীরা কর্মসূচি চাচ্ছে। আপনি সিদ্ধান্ত নিন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এগিয়ে যাচ্ছে, তা খেয়াল করতে হবে।" তখন খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কর্মসূচি অবশ্যই আমরা দেব। তবে এর আগে আলোচনা প্রয়োজন। সেই কাজটি করা হচ্ছে।" বর্তমান তত্ত্বাধায়ক সরকারকে 'সম্পূর্ণ ব্যর্থ' দাবি করে কারাবন্দি দুই নেত্রীকে মুক্তি দিয়ে শিগগিরই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। খোন্দকার দেলোয়ার বলেন, "খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না। কারও কর্মকাণ্ডকে বৈধতা দিতে নির্বাচন দেশের মানুষে মেনে নেবে না। খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনও সাজানো বা পাতানো নির্বাচনে বিএনপি যাবে না।" বিএনপি সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে সাবেক চিফ হুইপ বলেন, "সে নির্বাচনে জনগণ যে রায় দেবে, বিএনপি তা মেনে নেবে।" দলের দুই অংশের ঐক্যের বিষয়ে হান্নান শাহ বলেন, "কাউকে খুশি করতে কিংবা স্থান করে দিতে ঐক্য হবে না। ঐক্য হলে তা খালেদা জিয়ার নির্দেশেই হবে।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক ছাত্রদল নেতা শামসুজ্জামান দুদু, কাজী আসাদুজ্জামান, শিরিন সুলতানা, শাহজাহান মিয়া সম্রাট, ফেরদৌস আহমেদ খোকন, সারওয়ার আজম প্রমুখ। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক ছাত্রদল নেতা তকদীর হোসেন মো. জসিম, হেলেন জেরিন খান, জাহাঙ্গীর আলম মিন্টু, মহিউদ্দিন খান মোহন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২৪ ঘ.