ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে' খালেদা জিয়াসহ কারাবন্দি সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেছে বিএনপির সাবেক সাংসদরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দ্রুত শুরু করতে সরকারকে তাগিদও দিয়েছে তারা।
বিএনপির যুগ্ম মহাসচিব এবং দেলোয়ারপন্থী হিসাবে পরিচিত নেত্রী সেলিমা রহমান বুধবার জানান, এসব দাবি জানিয়ে বিএনপির ১২৬ জন সাবেক সাংসদ বিবৃতি দিয়েছেন।
সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় সেলিমা রহমান বিবৃতিদাতাদের পক্ষে সাংবাদিকদের বলেন, "আমরা নিয়মতান্ত্রিক পথে দাবি জানাচ্ছি। সরকার আমাদের দাবি না শুনলে তা আদায়ে অন্য রকম চিন্তাভাবনা করতে বাধ্য হব। মহাসচিব দেশে ফিরলেই কর্মসূচি দেওয়া হবে।"
সাবেক সাংসদরা তারেক রহমানসহ তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের দেওয়া অভিযোগপত্রকে 'উদ্দেশ্যমূলক ও মিথ্যা' অভিহিত করে তা প্রত্যাহারেরও দাবি জানান।
সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার প্রয়াসে লিপ্ত অভিযোগ করে সেলিমা রহমান বলেন, "তার অংশ হিসেবেই তারেক রহমান, ডা. জোবাইদা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দিয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই। তবে এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে। অন্যথায় জাতীয়তাবাদী শক্তির প্রতীককে রক্ষায় যে কোনও ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত রয়েছি।"
বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, "আমরা কোনও রাবার স্ট্যাম্প সংসদ চাই না, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ চাই। কিন্তু এ কাজে যদি সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রয়োজনে যে কোনও কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।"
এ সময় সাবেক সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন, খালেদা রাব্বানী, শাহজাহান চৌধুরী, সৈয়দ মেহেদি আহমেদ রুমি, নাজিম উদ্দিন আলম, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সেলিম রেজা হাবিব, শাহ নূরুল কবীর শাহিন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, আবুল কালাম আজাদ, গোলাম আকবর খন্দকার, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, শাহীনা খান, হেলেন জেরিন খান, রেহানা আখতার রানু, সাইমুন বেগম, বিলকিস জাহান শিরিন, ফাহিমা হোসেন জুবলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫২৯ ঘ.
bdnews24