ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ১১১ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহীনা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ২৭ মার্চ ঘোষণা করা হবে।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
গত বছর ৯ মে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন।
কমিশন তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, মামুন ও তার স্ত্রী অবৈধভাবে ১১০ কোটি ৯৬ লাখ সাত হাজার টাকার সম্পত্তির মালিক হয়েছেন।
গত ২১ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করা হয় এবং ২৩ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় মামুনকে তিন বছর এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে আরেকটি মামলায় ১০ বছর কারাদণ্ড দেয় আদালত।
মামুন বর্তমানে কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24