ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন একসঙ্গে করার পক্ষপাতি নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালু এবং মহার্ঘ ভাতা দেওয়ার দাবিও জানিয়েছে দলটি।
পুরানা পল্টনে দলের মহানগর কমিটির কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, "সাধারণ ও সীমিত আয়ের মানুষ এখন বেশ কষ্টে আছে। রেশনিং ব্যবস্থা চালু করে এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।"
একইসঙ্গে সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম শতকরা ১৫ ভাগ অথবা ৩৩ ভাগ মহার্ঘ ভাতা চালুর জন্যও সরকার ও বেসরকারি কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আশা প্রকাশ করে কল্যাণ পার্টি চেয়ারম্যান উপজেলা নির্বাচনও একই সঙ্গে করার পক্ষে মত দেন।
তিনি বলেন, "সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে উপজেলা নির্বাচনও হতে পারে। এতে রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক প্রকাশিত বা অপ্রকাশিত সন্দেহ দূর হবে; নির্বাচনী ব্যয়ও অনেকাংশে কমবে।"
বিগত ১৭ বছর দেশে স্থানীয় সরকার অবহেলিত ও উপেক্ষিত ছিল বলেই এ নির্বাচন অনুষ্ঠানকে কল্যাণ পার্টি গুরুত্ব দিচ্ছে বলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ইবরাহিম উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ দ্রুত শুরুর তাগিদ দেওয়া হয়।
সম্মেলনে জানানো হয়, খুব শিগগিরই কল্যাণ পার্টির ২০টি জেলায় কমিটি গঠন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির সহসভাপতি তুয়ার কান্তি বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা পলাশ, সাদেক আহমেদ খান, আনোয়ারুল হক, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম রতন, অবসরপ্রাপ্ত মেজর সাঈদ, অধ্যক্ষ আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24