ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে নড়াইলের সাবেক সাংসদ ইসলামী ঐক্যজোট নেতা মুফতী শহীদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় দেওয়া হবে আগামী ১৯ মার্চ।
রোববার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর রায় দেওয়ার এ দিন ধার্য করেন।
যুক্তিতর্কের শুনানিতে অংশ নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশিদ আলম খান আদালতকে বলেন,"আসামির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বিভিন্ন তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যের মাধ্যমে আমরা প্রমাণ করতে সর্মথ হয়েছি। আমি আদালতের কাছে আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানাই।"
এর জবাবে আসামি পক্ষের আইনজীবীরা বলেন,"অভিযুক্ত শহীদুল নির্দোষ। রাজনৈতিক কারণে তাকে হয়রানির জন্য এ মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
গত বছরের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মুফতি শহীদুল ও তার স্ত্রী নাদিরা বেগমের বিরুদ্ধে মামলাটি করেন।
কমিশন পরে তদন্ত শেষে শহীদুলের বিরুদ্ধে ২৯ লাখ ৮ হাজার ৫৩২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে অভিযোগপত্র দেয়। এতে তার স্ত্রীকে অব্যহতি দেওয়া হয়।
৩১ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৩ ফেব্র"য়ারি থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলে।
ওই তালিকায় শহীদুলের নাম ছিল। তিনি এখন কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/২০০৪ঘ.
bdnews24