বরিশাল, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অহেতুক বিতর্ক করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, "নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কের প্রয়োজন নেই। বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকেই এগুচ্ছে।"
ড. কামাল আরও বলেন, সঠিক সময়ে নির্বাচন হবে। সে অনুসায়ী নির্বাচন কমিশনার কাজ করছে।"
রোববার দুপুরে বরিশাল জেলা আইজীবী সমিতি মিলনায়তনে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেনের মতে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশে ভাল কাজ করছে। তাদের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হবে এতে কোন সন্দেহের অবকাশ নেই।
তিনি বলেন, দেশের আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন দূর্যোগময় মূহূর্তে তারা বিশেষ ভূমিকা পালন করতে পারেন। আইনজীবীদের মধ্যে সেই ঐক্য ফিরিয়ে আনার জন্য তিনি বিভিন্ন জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে ঢাকায় সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ।
দেশে চলমান দুনীর্তি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে গণফোরাম প্রধান আরও বলেন, " আমি ১৯৭৫ সালে মন্ত্রী ছিলাম। সেই সময়ের আমার সম্পদের হিসেব নিতে পারে তত্ত্বাবধায়ক সরকার।"
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, পরিমল চন্দ্র, অবসরপ্রাপ্ত মেজর আনিছ আহম্মেদ আফসারী, এনায়েত পীর খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24