২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে নয়, হাসিনার নিঃশর্ত মুক্তি চায় আ. লীগ

প্যারোলে নয়, সুচিকিৎসার জন্য শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ৭ মার্চের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ দাবি করেন। অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তনে উপস্থিত নেতা-কর্মীরা শেখ হাসিনার মুক্তি এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যারোলে নয়, সুচিকিৎসার জন্য শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ৭ মার্চের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ দাবি করেন। অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তনে উপস্থিত নেতা-কর্মীরা শেখ হাসিনার মুক্তি এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতিমণ্ডলীর সদস্য ছাড়া বাকিদের রাজনৈতিক বক্তৃতা না দেওয়ার অনুরোধ করেন। দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিত কার্যনির্বাহী সংসদের সদস্য আবু সাইয়ীদ বক্তৃতা শুরু করতেই উপস্থিত কর্মী-সমর্থকরা আবার হৈ চৈ শুরু করে। তাদের হট্টগোলে আবু সাইয়ীদের বক্তব্য কিছুই শোনা যায়নি। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার মুক্তির জন্য প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য সীমিত ক্ষমতার মধ্যেও কোনো কর্মসূচি দিলে তা সফল করতে হবে।" সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করে বলেন, "তার (শেখ হাসিনার) চিকিৎসা করতে দিন। আমরা কারো কাছে তার চিকিৎসার দাবি জানাবো না। আমরাই তার চিকিৎসা করব।" সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, " তাকে মুক্ত মানুষ হিসাবে (হাসিনা) বিদেশ পাঠানো হোক। তিনি সুস্থ হয়ে ফিরে এসে জাতির নেতৃত্ব দেবেন।" সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, "জনগণকে ধোঁকা দেবেন না। পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগে কোনো নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ সব সময় সঠিক কথাই বলে। অতীতেও বলেছে। এখন না বুঝলেও আপনারা পরে বুঝবেন।" সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "শেখ হাসিনা যদি চিকিৎসার জন্য বিদেশে যান তাহলে আবার ফিরে আসবেন। আমরা তার প্যারোল চাই না, নিঃশর্ত মুক্তি চাই।" সরকারের উদ্দেশে তিনি বলেন, "অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।" প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, "আপনার রোডম্যাপ ব্যাহত হয়ে গেছে। আপনার তারিখ অনুযায়ী কিছুই আপনি করতে পারেননি।" সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। অন্যকিছু করতে গেলে মামলা-মোকদ্দমা হবে।" বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে একটি মহাকাব্য আখ্যায়িত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত বলেন, "বাংলা ভাষায় এটি সর্বশ্রেষ্ঠ বক্তৃতা।" এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিদেশ যাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "নেত্রী বিদেশে যাবেন তা আমরা প্রথমে মেনে নিতে পারিনি। তিনি কেন বিদেশ যাবেন? বিদেশে গেলে কী ফিরে আসতে পারবেন? কিন্তু নেত্রী আমাদের লোক মারফত জানিয়েছেন, তার দ্রুত আমেরিকায় চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা না হলে তিনি বধির হয়ে যেতে পারেন।" চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ একমত বলে সৈয়দ আশরাফুল ইসলাম জানান। তিনি আরো বলেন, " আমরা জানি নেত্রী চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান। আওয়ামী লীগ তার চিকিৎসার ব্যয়ভার বহন করবে।" অন্যান্যের মধ্যে আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক আলী আশরাফ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, হাবিবুর রহমান খান, ড. হাসান মাহমুদ, এম এ আজিজ, অ্যাডভোকেট কামরুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য রাখেন। কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর ও ইয়াফেস ওসমান। সভা পরিচালনা করেন অসীম কুমার উকিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২১৩৭ঘ.