২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব দিলেন দুলু, কাজী ফারুক, পান্না

সাবেক প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন। এদিকে বিকেল কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, "একজন উপপরিচালক আবুধাবীর বাংলাদেশ দুতাবাসে বিভিন্ন অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান করেছেন। দুতাবাসের শীর্ষ কর্মকর্তাসহ অন্যদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন তিনি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।" বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর পক্ষে তার প্রতিনিধি ব্যারিস্টার শাহনেওয়াজ আকন্দ বৃহস্পতিবার কমিশনে গিয়ে হিবাব বিবরণী জমা দেন। এতে দুলুর নামে এক কোটি ৭৮ লাখ ৪৫ হাজার টাকার স্থাবর এবং এক কোটি ৩৮ লাখ ২৬ হাজার ২২১ টাকার অস্থাবর সম্পত্তি থাকার কথা বলা হয়েছে। তার এক কোটি ৫২ লাখ ২১ হাজার ৯৪৬ টাকা দেনা রয়েছে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে। দুলুর স্ত্রীর নামে বিবরণীতে ৫ লাখ ২০ হাজার ৩৬৪ টাকার অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করা হলেও কোনো স্থাবর সম্পত্তি দেখানো হয়নি। কাজী ফারুক আহম্মদ নিজেই তার সম্পত্তির বিবরণী কমিশনে জমা দেন। এতে তিনি ৭৫ লাখ ৪৩ হাজার ৮২৬ টাকার স্থাবর এবং ৩৮ লাখ ৪৫ হাজার ১৫৩ টাকার অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেন। এছাড়া ৬৬ লাখ ৪২ হাজার ৪১৮ টাকা দেনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসহাক আলী খান পান্না তার বিবরণীতে বাগেরহাট ও পিরোজপুর জেলায় উত্তরাধিকার সূত্রে পাওয়া ১৩ বিঘা জমি, পিরোজপুর শহরের আড়াই কাঠা জমির ওপরে পাকা বাড়ি, রাজধানীর সিদ্ধেশ্বরী ও বনানীতে দুটি ফ্ল্যাট, টঙ্গীতে স্ত্রীর নামে ৫ কাঠার একটি প্লট এবং একটি টয়োটা গাড়ির কথা উল্লেখ করেছেন। এছাড়া তিনি নিজের নামে ২০ তোলা ও স্ত্রী নামে ৫০ তোলা স্বর্ণ, একটি শটগান, ২০ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর), স্ত্রীর নামে ১১ লাখ টাকার শেয়ার, আড়াই লাখ টাকার ব্যবসায়িক পুঁজি এবং নগদ দুই লাখ ২০ হাজার টাকার হিসাব জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২২২৫ ঘ.