ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর চূড়ান্ত শুনানির দিন আগামী ৯ এপ্রিল ধার্য করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ এ আদেশ দেন।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণের আবেদন জানালে হাইকোর্ট এই তারিখ নির্ধারণ করেন।
তিনি বলেন, ২০০৩ সালে শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন করেছিলেন। পুরনো এ আবেদনটির শুনানি নিষ্পত্তি করা প্রয়োজন।
শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মামলা বাতিলের এ আবেদনটি দৈনিক কার্যতালিকার ১১৮ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। স্বাভাবিক নিয়মেই এ আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়া উচিত।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মীর মোহাম্মদ জয়নুল আবেদীন ২০০২ সালের ৭ আগস্ট তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল নুরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টুসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার আশ্রয় নিয়ে দক্ষিণ কোরিয়ার দাইয়ু কর্পোরেশনের কাছ থেকে নৌবাহিনীর জন্য অধিক মূল্যে ফ্রিগেট ক্রয় করে সরকারের ৪৪৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।
এ মামলায় ২০০৩ সালের ৩ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলাটি বাতিলের জন্য এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৩ সালের ৬ ডিসেম্বর এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে নিু আদালতের সকল কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/২৩০৩ ঘ.
bdnews24