চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, সারাদেশে ভোটকেন্দ্র পুনর্নির্ধারণ করা হবে। অনেক কেন্দ্র সম্পর্কে অভিযোগ থাকায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, "ভোটকেন্দ্র পুনর্নির্ধারণে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে।"
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে বিজেএমসির রেস্ট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "পর্যায়ক্রমে সকল প্রবাসীকে ভোটার করা হবে। পদ্ধতিগত জটিলতা থাকায় একইসঙ্গে বিশ্বের সকল দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার করা সম্ভব নয়। এ জন্য প্রাথমিকভাবে ভোটার করা হবে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের।"
তিনি জানান, এই প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই বছর লেগে যেতে পারে।
জরুরি অবস্থা তুলে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " সবাই যাতে মুক্ত পরিবেশে এবং কোন ধরনের বাধা ছাড়াই নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারে সে পরিবেশ সৃষ্টির বিষয়ে আমরা আগেও সরকারকে জানিয়েছি।"
ড. শামসুল হুদা বলেন, "আগামী ১৫ মার্চ আবার সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। সরকার কি ভাবছে তখন তা জানা যাবে।"
কবে নাগাদ নির্বাচনী আইন সংশোধনের কাজ শেষ হবে- জানতে চাইলে তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হচ্ছে। কিন্তু বিএনপির সঙ্গে আলোচনা আটকে আছে। এ আলোচনা সেরে ফেলতে পারলে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনী আইন চূড়ান্ত করা সম্ভব হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশের ব্যাপারে সিইসি বলেন, "আমাদের লক্ষ্য জুন মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করা। এজন্য বর্তমানে সারাদেশে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়।"
সিইসির সঙ্গে বৈঠকে বিভাগীয় উপ নির্বাচন কমিশনার ইজহারুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এবং জেলা প্রশাসক আশরাফ শামীম উপস্থিত ছিলেন।
বৈঠকে সিইসিকে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়াও জেলার পাঁচটি উপজেলার ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। আরও পাঁচটি উপজেলায় কাজ চলছে। চারটি উপজেলায় এখনও কাজ শুরু হয়নি।
এটিএম শামসুল হুদা শুক্রবার পটিয়া উপজেলায় ছবিসহ ভোটার তালিকার কাজ পর্যবেক্ষণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24