ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির দায়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য আসামি মায়ার স্ত্রী পারভিন চৌধুরী, দুই ছেলে সাজেদুল হোসেন চৌধুরী ও রাশেদুল হোসেন চৌধুরী এবং সাজেদুলের স্ত্রী সুবর্ণা চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আসামিরা প্রত্যেকে পলাতক রয়েছেন।
আসামীর গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এছাড়া মায়ার অবৈধভাবে অর্জিত ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ১৩ জুন সূত্রাপুর থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নুরুল আলম মায়া পরিবারের সাত জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
২৫ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মায়ার আরেক ছেলে রিফাত সাঈদ চৌধুরী এবং রাশেদুলের স্ত্রী ফারহানা চৌধুরীকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়েছিল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রতিমন্ত্রী থাকাকালে অন্য আসামিদের যোগসাজশে জ্ঞাত উৎসের বাইরে থেকে ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন এবং ৬ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৪১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
২৭ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৩ ডিসেম্বর থেকে। ৪ ফেব্র"য়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় দেওয়ার এ তারিখ ধার্য করেছিলেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৪১৮ঘ.
bdnews24