ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হলেই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দলগুলোর সঙ্গে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম রোববার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে একটি টিম। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুন্দর করার জন্য এই টিম একসঙ্গে কাজ করবে।"
প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলেছিলেন। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে তারা দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে। একই সঙ্গে দুই জায়গায় আলোচনা করা যায় না। কাজেই কমিশনের সঙ্গে আলোচনা শেষ হলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন।
তিনি বলেন, "আলোচনা কবে নাগাদ শুরু হবে বা কী নিয়ে আলোচনা হবে তা চূড়ান্ত করার জন্য এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি।"
উপদেষ্টা পরিষদের বৈঠকে মুসলিম মেরেজেস এন্ড ডিভোর্সেস (রেজিস্ট্রি) সংশোধনী অধ্যাদেশ ২০০৮ ও সার (ব্যবস্থাপনা) সংশোধনী অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করা হয়েছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৮ সংক্রান্ত প্রস্তাবটি আরো পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
মুসলিম মেরেজেস এন্ড ডিভোর্সেস (রেজিস্ট্রি) অধ্যাদেশ সংশোধন করায় কাজীদের লাইসেন্স গ্রহণ, নবায়ন বা স্থগিত লাইসেন্স ফেরত নেওয়ার জন্য ঢাকায় আসতে হবে না। জেলা প্রশাসনই এসব বিষয় দেখভাল করবে।
সার (ব্যবস্থাপনা) অধ্যাদেশ সংশোধনের ফলে এখন থেকে সারের বস্তার গায়ে খুচরা দাম, উৎপাদনের তারিখ ও উপাদান উল্লেখ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএইচবি/২১৫৩ ঘ.
bdnews24