২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল লিখন ও পোস্টারিং বন্ধে নতুন আইন হচ্ছে

সারাদেশে সব ধরণের দেয়াল লিখন ও পোস্টারিং বন্ধে শিগগিরই নতুন আইন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরি করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় খসড়াটি অনুমোদন করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসেবে আইনটি জারি করবেন। রোববার নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে 'দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০০৮' নামের খসড়া আইনটি চূড়ান্ত করা হয়। বৈঠকশেষে নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সারাদেশে সব ধরণের দেয়াল লিখন ও পোস্টারিং বন্ধে শিগগিরই নতুন আইন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরি করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় খসড়াটি অনুমোদন করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসেবে আইনটি জারি করবেন। রোববার নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে 'দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০০৮' নামের খসড়া আইনটি চূড়ান্ত করা হয়। বৈঠকশেষে নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খসড়া আইনে বলা হয়েছে, দেয়াল লিখন ও পোস্টারিং একটি দণ্ডনীয় অপরাধ। আইনটি জারি হওয়ার পর সারা বছর জুড়ে সব ধরনের দেয়াল লিখন ও পোস্টারিং বন্ধ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তদারকি করবে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। অপর নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এবং কমিশনের আইন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ছহুল হোসাইন বলেন, "স্থানীয় সরকার মন্ত্রণালয় খসড়া আইনটি অনুমোদন করলে অধ্যাদেশ জারির পর দেয়াললিখন ও পোস্টারিংয়ের বিষয়টি তারাই তদারক করবে। এই আইনে ম্যাজিস্ট্রেট অভিযুক্তের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস কারাদণ্ড দিতে পারবেন। তবে মন্ত্রণালয় এটি অনুমোদন না করলে আমরা নির্বাচনী আচরণবিধিতে সংশোধনী এনে শুধু নির্বাচনের সময় দেয়াল লিখন ও পোস্টারিং বন্ধ রাখবো।" কেউ অন্যকে বিপদে ফেলার জন্য তাদের নামে দেয়াললিখন বা পোস্টারিং করলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে কমিশনার বলেন, "এটি ম্যাজিস্ট্রেট তদন্ত করে ব্যবস্থা নেবেন। তাছাড়া ভ্রাম্যমান আদালতও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।" নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এ সব ধরণের নির্বাচনী দেয়াল লিখন ও চার রঙা পোস্টারিং নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনের আচরণবিধিতেও একই কথা বলা আছে। তবে এতে প্রার্থীর সাদা- কালো পোস্টার ব্যবহারের অনুমতি রয়েছে। কমিশনের প্রস্তাবিত সংস্কার আইনে দেয়াল লিখন, ব্যানার, বিলবোর্ড ও পোস্টারিং নিষিদ্ধ করা হয়েছে। তবে এতে প্রস্তাব করা হয়েছে, তফসিল ঘোষণার পর প্রার্থী দড়িতে ঝুলিয়ে সাদা-কালো পোস্টারে প্রচারণা চালাতে পারবেন। আর পোস্টারে কোনো জাতীয় নেতার ছবি ব্যবহার করা যাবে না। প্রার্থী এতে শুধু দলীয় নেতা ও নিজের ছবি এবং নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯১৪ ঘ.