ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনে দলের বিপর্যয়ের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এ বৈঠকে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আরএ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, খন্দকার মাহবুব উদ্দীন আহমাদ ও এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির মোট সদস্য ১১ জন।
এর আগে পৌনে ৭টার দিকে খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে এসে পৌঁছান। তিনি দোতলায় উঠে বারান্দায় দাঁড়িয়ে সমবেত কয়েকশ' নেতা-কর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তাকে বেশ আবেগ প্রবণ মনে হয়। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
দলীয় নেতা-কর্মীরা 'খালেদা জিয়া এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে' এরকম স্লোগান দেয় ।
নির্বাচনে দলের চরম বিপর্যয়ের পর খালেদা জিয়া এই প্রথম দলের কার্যালয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/১৯২৮ঘ.
bdnews24