২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি যারা গড়েছে তারাই পেছনে লেগেছে,তা অবিশ্বাস্য: আ.লীগ

কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার অদূরে গ্রেনেড উদ্ধারের ঘটনা নিয়ে দলটি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা এইচ টি ইমাম। বুধবার বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-চেয়ারম্যান এইচ টি ইমাম এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার অদূরে গ্রেনেড উদ্ধারের ঘটনা নিয়ে দলটি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা এইচ টি ইমাম। বুধবার বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-চেয়ারম্যান এইচ টি ইমাম এ অভিযোগ করেন। তিনি বলেন,"চান্দিনা থেকে ৫ মাইল দূরে পাওয়া গ্রেনেড নিয়ে বিএনপি রাজনীতি করছে। জেএমবিকে যারা সৃষ্টি করলো তারাই তাদের পেছনে লেগেছে, তা অবিশ্বাস্য।" এইচ টি ইমাম বলেন, তার (খালেদা জিয়া) জনসভার আড়াই ঘন্টা পর ধৃত জঙ্গিরা কেমন করে তাকে হত্যার চক্রান্ত করেছে সে বিষয়টিও দেশবাসীর কাছে রহস্যজনক মনে হওয়া স্বাভাবিক। তবে একইসঙ্গে তিনি সব জঙ্গি তৎপরতা সম্পর্কে সতর্ক হওয়া এবং রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। এইচ টি ইমাম পক্ষপাতিত্বের অভিযোগ এনে পাট সচিব আব্দুর রশীদ সরকার, পানি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিএনপি ও জামায়াতের পঞ্চাশ জন নেতাকে প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। স্পিকার জমিরউদ্দিন সরকারসহ বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ করেন আওয়ামী লীগের এ নির্বাচন কার্যক্রম পরিচালনা কর্মকর্তা। উভয় জোট সহ অনেক প্রার্থীই প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৪৫ঘ.