ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইশতেহার ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর আগে বৃহস্পতিবার সিলেটে হযরত শাহজালালের (র.), শাহপরান (র.) ও বোরহান উদ্দিন শাহ্রে (র.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনার আসা যাওয়ার পথে বিভিন্ন স্থানে উৎসুক জনতা রাস্তার পাশে জড়ো হয়ে হাত নেড়ে এই সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
দুপুরে সিলেট সার্কিট হাউজ সভাকক্ষে জেলা আওয়ামী লীগের নোতা-কর্মী ও প্রার্থীদের সঙ্গে বৈঠকও করেন শেখ হাসিনা। তবে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে বৈঠকে উপস্থিত থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমেদকে বলেন, "শেখ হাসিনা সিলেট বিভাগের ১৯টি আসনে জয়লাভের ব্যাপারে দলের নেতা ও প্রার্থীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।"
সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসা সুধা সদন থেকে সিলেটের পথে যাত্রা করেন হাসিনা। বিকেল ৫টার দিকে সিলেট শহর ছাড়ার আগ মুহূর্তে সার্কিট হাউজ চত্বরে বহর থামিয়ে গাড়ি থেকে বের হয়ে আসেন হাসিনা। সার্কিট হাউজ লাগোয়া কিন ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। রাত সাড়ে ৯টার দিকে আবার সুধা সদনে পৌঁছান।
এই সফরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেটের প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত সভানেত্রীর সঙ্গে ছিলেন।
সকালে হাসিনার গাড়িবহর ঢাকা থেকে নারায়ণগঞ্জের পুরিন্দা বাজারের কাছে পৌঁছালে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বহর ঘিরে ধরে স্লোগান দেয়। নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু এ সময় উপস্থিত ছিলেন।
নরসিংদির ইটাখোলা, রায়পুরা থানার বারোইচা, সরাইলের বিশ্বরোড এবং হবিগঞ্জের মাধবপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে হাসিনার গাড়িবহরের গতি কমে যায়। গাড়িতে বসে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তিনি।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দেউন্দি চা বাগানে প্রবেশের পথে মহাসড়কে দাঁড়িয়ে শত শত মানুষ হাসিনাকে অভিনন্দন জানান।
শায়েস্তাগঞ্জ বাজারের নতুন ব্রিজের কাছে, হবিগঞ্চের মৌচাক বাজারের বাহুবলে, ফুলতলী বাজার, বেজপাড়া বাজার, আউশকান্দি, সিলেটের গোয়ালা বাজার, তাজপুর বাজার, দয়ামীর বাজার, কুরায়া বাজার, নাজিরের বাজার, রশিদপুরেও শত শত মানুষ হাসিনাকে শুভেচ্ছা জানায়। হাসিনা তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
মৌলভিবাজার জেলার শেরপুর বাজারে মৌলভিবাজার-৩ আসনের মোহসিন আলীর কয়েক হাজার কর্মীসমর্থক শেখ হাসিনার গাড়ি থামিয়ে দিলে হাসিনা গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়েন। এ সময় তারা ফুলের পাপড়ি দিয়ে দলীয় সভানেত্রীকে শুভেচ্ছা জানান।
সিলেট শহরে ঢোকার মুখে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহামুদ উর সামাদ কয়েস চৌধুরী এর কর্মীসমর্থকরাও গাড়িবহর ঘিরে ধরলে হাসিনা তখন পাদানিতে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।
দুপুরে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও বোরহান উদ্দিন শাহ্রে (র.) মাজার জিয়ারত করেন এই সাবেক প্রধানমন্ত্রী। জিয়ারত শেষে পৌনে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে পৌঁছান হাসিনা। আগের নির্বাচনগুলোতেও সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী।
শেখ হাসিনার আগমন উপলক্ষে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তিনি সিলেটে প্রবেশের সময় শাহজালাল (র.) এর মাজার পর্যন্ত সড়কে কোনো গাড়ি দেখা যায়নি। উৎসাহী মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে হাসিনাকে শুভেচ্ছা জানান।
বিকেল ৫টায় সফর শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। ফেরার পথেও বিভিন্ন স্থানে জড়ো হয়ে উৎসুক জনতা আওয়ামী লীগ সভানেত্রীকে শুভেচ্ছা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/২২৫০ ঘ.
bdnews24