চট্টগ্রাম, ডিসেম্বর ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের মূল্যায়নের দায়িত্ব ভোটারদের ওপরই ছেড়ে দিচ্ছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। একইসঙ্গে তিনি আশা করছেন, ভোটারাই সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবেন।
তিনি মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, "সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে জাতির প্রত্যাশার প্রতিফলনের বিষয়টি এখন ভোটারদের মূল্যায়নের ওপর নির্ভর করছে। আশা করছি, ভোটাররা সচেতন ও সঠিকভাবে তাদের পরবর্তী নেতৃত্ব বেছে নেবেন।"
বান্দরবান ও খাগড়াছড়ি সফর শেষে মঙ্গলবার সকালেই চট্টগ্রাম হয়ে ঢাকার পথে রওনা হন হোসেন জিল্লুর। ঢাকায় যাত্রার আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের কথা হয়।
নির্বাচনের আগে জরুরি অবস্থার পুরোপুরি তুলে নেওয়া হবে- এ কথা পুনর্বার জানান হোসেন জিল্লুর। কবে নাগাদ তা করা হবে- প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, "সরকারের প্রশাসনিক দিক, নির্বাচন কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর দাবি বিবেচনার পরিপ্রেক্ষিতেই তা করা হবে।"
চট্টগ্রামের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, "চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তোলার জন্য উন্নয়ন প্রক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। আশা করি, জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অবদানের বিষয়টি বিবেচনা করে পরবর্তী সরকারও এসব কাজ এগিয়ে নেবে।"
হোসেন জিল্লুর জানান, বন্দরনগরীর উন্নয়নে একটি প্যাকেজ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নগরীর জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও জ্বালানি সঙ্কট নিরসন এবং শিল্পায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন আছে।
তিনি জনান, ভর্তি সঙ্কট নিরসনে নগরীর পাঁচটি বিদ্যালয়ে আগামী বছরের শুরু থেকে দ্বিতীয় শিফট চালু করা হবে। এগুলো হলো হাজি মুহাম্মদ মুহসিন স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি সিটি গার্লস স্কুল, নাসিরাবাদ গার্লস স্কুল ও বাকলিয়া ল্যাবরেটরিজ স্কুল।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ে (চুয়েট) স্থাপত্য বিভাগ খোলা হবে বলেও শিক্ষা উপদেষ্টা জানান।
হোসেন জিল্লুর বলেন, "চট্টগ্রামের শিল্প কারখানায় এ মাসের শুরু থেকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে ১৫০টি শিল্প কারখানা, সিএনজি স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রকে আগামী বছরের জুনের মধ্যে সংযোগ দেওয়া হবে।"
চট্টগ্রাম অঞ্চলের জন্য পৃথক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউসন লিমিটেড গঠনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
হোসেন জিল্লুর সাংবাদিকেেদর জানান, ইটালি প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা শেখার কোর্স চালু হচ্ছে। স্যাপলিয়াঞ্জা নামে ওই বিশ্ববিদ্যালয়ে সাড়ে পাঁচশ ইটালিয়ান বাংলা শিখবেন।
উপদেষ্টা জানান, আগামী ১৭ ডিসেম্বর কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24