ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানীর ঈদের পরপরই ডিসেম্বরের ১২ বা ১৩ তারিখে সিলেটের হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদা জিয়া রোববার সন্ধ্যায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
শুরু থেকেই অবাধ ও স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সরকার দ্রুত জরুরি অবস্থা তুলে নেবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, "প্রতিবারই আমি সিলেটে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করি। আশা করছি আগামী ১২ অথবা ১৩ ডিসেম্বর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবো। এর পর নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবো।"
তিনি বলেন, "আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে এটাই আমাদের প্রত্যাশা।"
প্রার্থী ও সমর্থকরা যাতে ভালোভাবে প্রচারণা চালাতে পারে সেজন্য নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি করেন বিএনপি প্রধান।
নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমাদের হাতে সময় খুব কম। সব জায়গায় এবার আমি যেতেও পারবো না। ঈদের পরপরই ১২ বা ১৩ তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার আশা করছি।"
জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আসন নিয়ে জামাতের সঙ্গে আমাদের তোমন কোনো সমস্যা নেই। ছোট খাটো কিছু থেকে থাকলে তা সমাধান হয়ে যাবে।"
নির্বাচনী ইস্তেহার কবে দেওয়া হবে জানতে চাইলে খালেদা জিয়া বলেন, "ইস্তেহারের কাজ চলছে। দুএকদিনের মধ্যে আমি এ বিষয়ে বৈঠকও করবো।"
দেশের বর্তমান সঙ্কটের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, "আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সবাইকে নিয়েই তা মোকাবেলা করতে হবে। নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, তাকেই এ চ্যালেঞ্জের দায়িত্ব নিতে হবে।"
দলের বিজয়ের সম্ভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিএনপি নেত্রী বলেন, "আমরা আশাবাদী। জনগণের জন্য সবসময়ই আমরা কাজ করেছি। আর জনগণও আমাদের পক্ষেই রায় দিয়েছে।"
সাংবাদিকদের সঙ্গে খালেদা জিয়ার এ আলাপচারিতার সময় বিএনপি সহসভাপতি অধ্যাপিকা সারওয়ারী রহমান ও তথ্য কর্মকর্তা মারুফ কামাল খান সোহেল উপস্থিত ছিলেন।
গতবছর বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনের প্রচারণাও সিলেটে মাজার জিয়ারত করেই শুরু করেছিলেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২০৪৩ঘ.
bdnews24