লিয়াকত আলী বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রংপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচার চালানোর জন্য ১২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। কমিটির আহ্বায়ক হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রীর বড় জা।
আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনা শ্বশুরবাড়ির এলাকার ওই আসনে প্রার্থী হচ্ছেন। ২০০১ সালেও তিনি ওই আসন থেকে নির্বাচন করে জাতীয় পার্টির প্রার্থীর কাছে ১৩ হাজার ভোটে পরাজিত হন তিনি। এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একজোট হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজু বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পীরগঞ্জে নেত্রীর (হাসিনা) পক্ষে প্রচার চালানোর জন্য ১২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রসহ সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে।"
মঙ্গলবার রাতে গঠিত ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ হাসিনার জা এবং উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী রওশন আরা ওয়াহেদকে।
সভায় ৬ আসনের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা নিয়ে আলোচনা হয়।
রেজাউল করিম জানান, সভায় ৩ দিনের মধ্যে সব গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে শেখ হাসিনার পক্ষে ভোট চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, "সভা চলার সময় নেত্রীর (হাসিনা) সঙ্গে মোবাইল ফোনে সবার কথা হয়েছে। তিনি বলেছেন, শিগগিরই তিনি পীরগঞ্জে আসবেন।"
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজু ও মোছাদ্দেক হোসেন বাবলু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন জাহাঙ্গীর প্রমুখ।
২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে বিজয়ী হন জাতীয় পার্টির নূর মোহাম্মদ মন্ডল, তিনি পেয়েছিলেন ৯০ হাজার ৭৩০ ভোট। শেখ হাসিনা পেয়েছিলেন ৭৭ হাজার ৯৯১ ভোট। নূর মোহাম্মদ মন্ডল স
bdnews24