সিলেট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কর্মীদের দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আব্দুস শহীদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) চন্দন কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্বনাথ সদরের একটি কমিউনিটি সেন্টারে সভা আহবান করা হয়। সভায় শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে এক পর্যায়ে সভায় শফিকুর রহমান চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেল ৩টায় সভা শেষ হওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় মুহিবের সমর্থকরা শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে ঢিল ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায়।
এতে উত্তেজিত হয়ে শফিকুর রহমান সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা চালালে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় মুহিবুর রহমানের সমর্থক আবদুস শহীদসহ ৪/৫ জন আহত হন। আবদুস শহীদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আঘাত গুরুতর না হওয়ায় অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শফিকুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা হামলা চালিয়েছে দেখিনি।"
মুহিবুর রহমানের সমর্থকরা হামলা চালাতে পারে বলে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, "প্রকৃত অর্থে তারা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করলে এ ধরনের হামলা চালাতো না।"
এ ব্যাপারে মুহিবুর রহমান বলেন, "আমি ঢাকায় আছি। জেলা সভাপতি আমাকে ফোন করে জানিয়েছেন- এলাকায় অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে আমি আমার কর্মী সমর্থকদের শান্ত থাকতে বলেছি।"
সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান সিলেট-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত শফিকুর রহমান চৌধুরী এই আসনে মনোনয়ন পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24