ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার কয়েকটি পৃথক রদবদলের আদেশ জারি করেছে।
প্রেষণে জনপ্রশাসনে কর্মরত সেনাবাহিনীর দুইজন ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের কর্মকর্তাকে প্রত্যাহার করে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
পাশাপাশি একজন ব্রিগেডিয়ার জেনারেলকে নতুন করে জনপ্রশাসনে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তিনজন যুগ্ম-সচিব ও নয়জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়।
এদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আহমেদ সাকেব ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবালকে প্রত্যাহার করে সশস্ত্র বিভাগে ন্যস্ত করা হয়।
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদুর রহমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তরের নিবন্ধক মেজবাহ উদ্দিনকে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং একই প্রকল্পের পরিচালক সিরাজুল ইসলামকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পরিদপ্তরটির নিবন্ধক শেখ মোবারক হোসেনকে বদলি করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে।
উপ-সচিবদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব সুসেন চন্দ্র দাসকে শিক্ষা মন্ত্রণালয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সচিব মুজিবুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মাহমুদুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর পরিচালক নূরুল ইসলাম এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব আজিজার রহমান মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের এপিডি শাখায় ন্যস্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এনামুল হককে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জাকির হোসেন মজুমদারকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক (পেট্রোলিয়াম), অর্থ বিভাগের উপ-সচিব মো. মুনির উদ্দিনকে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগীয় সদরে পাঁচটি মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের উপ-পরিচালক সিরাজুল ইসলামকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব হিসেবে প্রেষণে নিয়োগের আদেশ দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০১৭ঘ.
bdnews24