ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমুসহ বিভিন্ন জেলায় দলের মনোনীত প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছ্ড়াা এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা মনজুরুল আহসান খানসহ জাতীয় পার্টি, বিকল্প ধারা, গণফোরাম ও গণতন্ত্রী পার্টির কয়েকজন প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি কয়েকটি উপজেলার প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।
বিডিনিউজের চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন আসনে বৃহস্পতিবার আওয়ামী লীগের চারজন, এলডিপি'র দুজন এবং গণফোরামের দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে চট্টগ্রাম-১৩ ও ১৪ আসনে এলডিপির প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ও চট্টগ্রাম- ১৩ আসনে তার ছেলে ওমর ফারুক মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৫ আসনে এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম- ৮ আসনে নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম-৩ আসনে এবিএম আবুল কাশেম মাস্টার ও চট্টগ্রাম-৪ আসনের এম এ সালাম মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া গণফোরাম প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনে আবদুল মোমিন চৌধুরী ও চট্টগ্রাম-১৫ আসনে রঞ্জিত কুমার শিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম চৌধুরীও মনোনয়নপত্র জমা দেন।
কিশোরগঞ্জ: আসন্ন নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জের দুটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়নপত্র জামা দিয়েছেন। কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে সাবেক স্পিকার আব্দুল হামিদ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
বান্দরবান: জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর পার্বত্য বান্দরবান আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ১১টায় জেলা রির্টার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, এ আসন থেকে আরো ছয়জন মনোনয়নপত্র নিয়েছেন। কিন্তু তাদের কেউ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়নি।
রংপুর: রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহাম্মেদ যুগ্ন আহবায়ক রেজাউল করিম রাজু ও মোছাদ্দেক হোসেন বাবলু ও শেখ হাসিনার জা রওশন আরা ওয়াহেদের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা।
এদিকে বিকেল পৌনে ৪টায় রংপুর-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মো. আফজাল রংপুর-৩ আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
বাগেরহাট: বাগেরহাট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা। তার পক্ষে খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকসহ আওয়ামী লীগ নেতারা বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের দলীয় প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগেরহাট-২ আসনের দলীয় প্রার্থী মীর শওকত আলী বাদশাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নীলফামারী: আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে একজন ও উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দুজন প্রার্থী বৃহস্পতিবার বিকেলে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ এস এম মোস্তাফিজুর রহমান জানান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে জয়নাল আবেদীন ও ফরহানুল হক তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জয়নাল আবেদীন জাতীয় পার্টি নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব এবং ফরহানুল হক জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক।
বরগুনা: বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিকেল ৫টায় রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শাফায়েত হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
বেলা ১২ টায় অন্যদিকে বরগুনা-২ আসনে পাথরঘাটা উপজেলা নিবার্হী অফিসার সহকারী রিটানিং অফিসারের নিকট মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সবুর টুলু।
নেত্রকোনা: সংসদ নির্বাচনে গতকাল নেত্রকোনা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মোফাজ্জেল হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন নেত্রকোনা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী লে. কর্নেল (অবঃ) নুর খান, জাতীয় পার্টির প্রার্থী প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ ও নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মমিন। নেত্রকোনা-৫ আসনের আওয়ামীলীগের প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) পূর্বধলায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়দার আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন ।
পাবনা: বৃহস্পতিবার বিকেলে পাবনার পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন, পাবনা-১ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনে সেক্টর কমান্ডারর্স ফোরামের আহ্বায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, পাবনা-৩ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুল হোসেন, পাবনা-৪ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরিফ ডিলু ও পাবনা-৫ আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার প্রিন্স।
ঠাকুরগাঁও: জেলার তিনটি আসনে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বৃহস্পতিবার মাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র পুরণে জটিলতার কারণে বৃহস্পতিবার পর্যন্ত জমা দিতে পারেননি বলে জানিয়েছেন বাকি প্রার্থীরা। ঠাকুরগাঁও-১ আসনে এ পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৯ জন। ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন। ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ: নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে দুটি আসনের বিপরীতে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দলের জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহাম্মদ জিয়াউর রহমান মনোনয়নপত্র জমা দেন।
গণফোরাম প্রার্থী গোলাম রাব্বানী চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র জমা দেন।
তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা আসরাফুল আলম সরকার।
ফরিদপুর: ফরিদপুরের চারটি আসনে পাঁচটি মনোনয়ন জমা পড়েছে।
আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে ফুরিদপুর-২ আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. ইকবাল হোসেন, ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির সাইফুর রশীদ ও ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কে এম নূর ইসলাম সিকদার।
অন্যদিকে ফরিদপুর জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে মধুকালী উপজেলায় কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।
রাজবাড়ী: রাজবাড়ী-১ আসনে বৃহস্পতিবার দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কাজী কেরামত আলী ও বাংলাদেশ কল্যাণ পার্টির এস এম শরীফুল ইসলাম।
এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সদস্য ও আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট, ইমদাদুল হক বিশ্বাস, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আক্কাছ আলী খান, খানগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও জেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা ছাত্র লীগের সভাপতি আসদুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিয়াল। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ্যাডভোকেট উমা সেন।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনে জাসদ (জেএসডি) জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন মনোনয়নপত্র জামা দেন।
জামালপুর: জামালপুরে পাঁচটি সংসদীয় আসন ও উপজেলা নির্বাচনে সাতটি মনোনয়নপত্র জমা পড়েছে বৃহস্পতিবার। জামালপুর-১ আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, জামালপুর-২ আসনে আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল ও সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান, জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের ডা. মুরাদ হাসান তালুকদার এবং জামালপু-৫ আসনে রেজাউল করিম হীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজশাহী: আওয়ামী লীগের তিন প্রার্থী- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ব্যবসায়ী শাহারিয়ার আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক পার্টির নেতা নুরুল ইসলাম মাস্টার।
বরিশাল: বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ মল্লিক, বিকল্প ধারার অধ্যক্ষ আব্দুর রশিদ খান, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝালকাঠি: ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনে একই দলের বিএইচ হারুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24