ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি প্রতিনিধি দল মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সুধা সদনে সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত তাদের বৈঠক চলে।
এনডিআইএ'র প্রতিনিধি দলে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য স্যাম গেজেডেনসন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী এবং শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদও বৈঠকে ছিলেন।
এনডিআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ করে বলে প্রতিষ্ঠানটি দাবি করে।
বৈঠক শেষে হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ চায় না নির্বাচন পেছানো হোক।
তিনি বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ বিএনপিসহ সব রাজনৈতিক দল স্বাগত জানিয়েছিল। ওই দিন দিতে জাতি উন্মুখ হয়ে আছে। আমরা চাই, ১৮ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটুক।"
বিএনপির চার দফার বিষয়ে হাসান মাহমুদ বলেন, "কোনও দলের প্রস্তুতি ও জয়লাভের নিশ্চয়তার জন্য জাতি অপেক্ষা করতে পারে না। আমরা চাই, ১৮ ডিসেম্বর নির্বাচন হোক।"
নির্বাচন পেছানো হলে আওয়ামী লীগ মেনে নেবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, "নির্বাচন পেছানো হোক, তা আমরা চাই না।"
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে সোমবার চার দফা দাবি জানিয়ে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছ। দাবি পূরণ হলেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। হাজিদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে চার দল নির্বাচনের তফসিল পুননির্ধারণের দাবি জানিয়েছে।
চার দলের এ দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমাদের লক্ষ লক্ষ লোক বিদেশে থাকে। হাজার হাজার সেনা শান্তিরক্ষা মিশনে দেশের বাইরে রয়েছে। আমরা সবাইকে ভোটের সুবিধা করে দিতে পারছি না। এটা মেনে নিতে হবে।"
তিনি বলেন, "আমাদের নাগরিক দেশের বাইরে রয়েছে এবং থাকবে। এর মধ্যেই নির্বাচন হবে। কারও কথা বলে আমরা তো নির্বাচন পেছাতে পারি না।"
এনডিআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে রুশ রাষ্ট্রদূত গেন্নাদি ত্রৎসেঙ্কো শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24