ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছয়দিন কারাভোগের পর বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন।
মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং সাইফুর রহমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান।
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজ কারা কর্তৃপক্ষ পেয়ে যাচাই বাছাই শেষে তাদের মুক্তি দিয়েছে।
কারাগার এবং হাসপাতাল থেকে জামিনে মুক্তির পরপরই শতশত নেতাকর্মী তিন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয়। বিএনপি এবং জামায়াত নেতারা হাত নেড়ে নেতা কর্মীদের শুভেচ্ছা জানান।
১২ নভেম্বর এই মামলায় সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দুই মাসের অর্র্ন্তবতীকালীন জামিন দেয় হাইকোর্ট। ওই সময় পর্যন্ত তাদের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার জবাব দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
এর আগে উচ্চ আদালতের নির্দেশে গত ১০ নভেম্বর তারা সংসদ ভবন এলাকায় অবস্থিত বিচারিক আদালত তাদের তিন জনকেই কারাগারে পাঠায়।
গত ৪ ও ৫ নভেম্বর বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ সাইফুর, নিজামী ও মুজাহিদকে ১০ নভেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।
মুজাহিদ এর আগে ১৯ অক্টোবর জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেলে তখনও জামিন না দিয়ে তাকে ৩ নভেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটি দায়ের করা হয় গত ২৬ ফেব্র"য়ারি। গত ৫ অক্টোবর মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন।
এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ৬ অক্টোবর আদালত মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। কিন্তু পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। ওই সময়ে মুজাহিদকে সরকার প্রধানের সঙ্গে সংলাপসহ দলীয় কর্মসূচিতে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৭২৪ ঘ.
bdnews24