২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক নয় সৎ প্রার্থীকে ভোট দিন: বি চৌধুরী

আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের নেতা অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। এক্ষেত্রে প্রতীক নয় বরং সৎ ব্যক্তিই বিবেচ্য বিষয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের নেতা অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। এক্ষেত্রে প্রতীক নয় বরং সৎ ব্যক্তিই বিবেচ্য বিষয়।" বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া উজেলা বিকল্প ধারা আয়োজিত কর্মী সভায় বি চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, "সন্ত্রাস ও দুর্নীতির বাহুগ্রাস থেকে বেরিয়ে আসতে হবে, বদলে দিতে হবে বাংলাদেশকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, সিংড়া পৌরসভা প্রাঙ্গণে সিংড়া উপজেলার বিকল্প ধারার সভাপতি গোলাম মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান, জেলা কমিটি'র সভাপতি খন্দকার জুবায়ের হোসেন প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার কালাই মহিলা কলেজ মিলনায়তনে বিকল্প ধারার এক সভায় বি চৌধুরী বলেন, "স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং দুর্নীতি, সন্ত্রাস ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিকল্প ধারা জনগণকে সাথে নিয়ে কাজ করে যাবে।" সভায় বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান হরতাল-নৈরাজ্যের রাজনীতি পরিহার করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বিকল্প ধারায় যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুব ধারার সদস্য সচিব আশরাফুল ইসলাম। বগুড়া প্রতিনিধি জানান, জেলার শাজাহানপুর উপজেলার উত্তর পারতেখুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকল্প ধারার সভায় লুটেরা ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষার আহ্বান জানিয়েছেন বি চৌধুরী। তিনি বলেন, "লুটেরাদের দিন শেষ বদলে দাও বাংলাদেশ- এ শ্লোগানে সবাইকে রুখে দাঁড়াতে হবে।" বিকল্প ধারার শাজাহানপুর উপজেলা কমিটির সভাপতি মেজবাহুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব আব্দুল মান্নান, উপদেষ্টামণ্ডলীর সদস্য আনিছ রহমান প্রমুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.