বরিশাল, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এবং উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম ফকিরকে (৪২) বুধবার গভীর রাতে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
রাত ১টার দিকে নগরীর শীতলাখোলার বাসা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-৮ এর উপ-পরিচালক কেএম মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "র্যার সদস্যরা সামসুল আলমের বাসায় যায়। তারা ঘরের দরজা খোলার অনুরোধ জানালে সামসুল না খুলে বাসার ভেতর লুকিয়ে থাকেন। প্রায় দুই ঘন্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মাহবুবুল করিমের উপস্থিতিতে র্যাব সদস্যরা ওই বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সামসুল আলম এবং তার স্ত্রীকে আটক করে।"
পরে সামসুল আলমের স্ত্রীকে ছেড়ে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ক্যাম্পে নেওয়া হয়। বাসায় তল্লাশি চালিয়ে একটি দেশি তৈরী ওয়ান সুটার গানও উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
বৃহস্পতিবার সামসুল আলমকে কোতয়ালী থানায় সেপার্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৫৪৩ ঘ.
bdnews24