২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর ও মুজাহিদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১০ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১০ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট। এদিকে একটি হত্যা মামলায় বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও একটি চাঁদাবাজির মামলায় বরিশালের সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ারকে হাইকোর্ট তিন মাসের জামিন দিয়েছে। বুধবার হাইকোর্টের দুটি বেঞ্চ এসব আদেশ দেয়। খনি দুর্নীতি মামলায় সাইফুর ও মুজাহিদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেয় বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ। এছাড়া মামলাটি বাতিল ও জামিন চেয়ে সাইফুর ও মুজাহিদের করা আবেদনের ওপর ফের শুনানির জন্য আগামী ১১ নভেম্বর দিন নির্ধারণ করে দেন তারা। সাইফুর রহমানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূইঞা ও মুজাহিদের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী আকন্দ ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে খুরশিদ আলম খান। এদিকে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মির্জা আব্বাস ও মুজিবুর রহমান সারোয়ারের জামিন মঞ্জুর করেন। এজাজ হত্যা মামলায় মির্জা আব্বাসকে ও একটি চাঁদাবাজি মামলায় সারোয়ারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণও জানাতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ। দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় খনি দুর্নীতি মামলা দায়ের করে। গত ৫ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান 'কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন' (সিএমসি) এর সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করে আসামিরা সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করেছেন। এজাজ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে মতিঝিল থানায় হত্যা মামলাটি দায়ের করা হয় ২০০৬ সালের ২৮ আগস্ট। এজাজের বাবা খান আজিজুল হক এ মামলা দায়ের করেন। গত বছরের ১ মার্চ মির্জা আব্বাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর গত বছরের ১৮ জুলাই মুজিবুর রহমান সারোয়ারের বিরুদ্ধে তেজগাঁও থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করে জনৈক জাকির হোসেন। বুধবার আদালতে মির্জা আব্বাস ও সারোয়ারের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২২২৭ঘ.