২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃণমূল নেতাদের সুপারিশ অনুযায়ী প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃণমূল নেতাদের সুপারিশ অনুযায়ী প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের কার্য নির্বাহী সংসদের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। ওই সভা আগামী শুক্রবার মুলতবি করা হয়েছে। সভা মুলতবির পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "কোন প্রক্রিয়ায় তৃণমূল পর্যায় থেকে দলীয় প্রার্থীদের জন্য মনোনয়নের সুপারিশ আসবে, তা আমরা আজ (মঙ্গলবার) ঠিক করেছি।" আওয়ামী লীগ বুধবার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করছে। শুক্রবার পর্যন্ত মনোয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সাড়ে ৭ হাজার টাকা দিয়ে ওই ফরম তুলতে পারবে। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর। আওয়ামী লীগের মনোনয়নের প্রক্রিয়া ব্যাখ্যা করে সৈয়দ আশরাফ বলেন, "কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিটি বিভাগের জন্য আলাদা বাক্স থাকবে। যিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন, তিনি তা পূরণ করে নির্দিষ্ট বিভাগের বাক্সে ফেলবেন। তাদের একটি রশিদ দেওয়া হবে। তারা রশিদের অনুলিপি স্ব স্ব নির্বাচনী এলাকায় দলের উপজেলা বা থানা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেবেন।" "জেলা আওয়ামী লীগের সদস্য এবং নির্দিষ্ট নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বর্ধিত সভা হবে। ওই সভা থেকেই তৃণমূল পর্যায়ের নেতারা স্ব স্ব আসনের জন্য পাঁচ জন করে প্রার্থী বাছাই করে ৯ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সম্পাদকের কাছে পাঠাবেন।" এর মধ্য থেকে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড প্রতি আসনে এক জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবেন বলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। তিনি বলেন, "তৃণমূল পর্যায়ের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক সভাপতিত্ব করবেন। তবে তারা মনোনয়ন প্রত্যাশী হলে পদ অনুসারে পরবর্তী নেতা সভাপতিত্ব করবেন।" মহাজোট গঠনের অগ্রগতি কতটুকু- জানতে চাওয়া হলে সৈয়দ আশরাফ বলেন, "বিএনপি, জামায়াত ও যুদ্ধাপরাধী ছাড়া নির্বাচনী জোটের বিষয়ে সবার সঙ্গে আমরা আলোচনা করেছি।" জরুরি অবস্থা শিথিল প্রসঙ্গে তিনি বলেন, "প্রক্রিয়া শুরু হয়েছে; আশা করি, নির্বাচনের আগে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হবে।" উপজেলা নির্বাচন যৌক্তিক সময়ে পিছিয়ে দেওয়ার আহবান পুনর্বার জানিয়ে আশরাফ বলেন, "যৌক্তিক সময় পর্যন্ত উপজেলা নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। দরকার হলে আমরা কালকেই (বুধবার) নির্বাচন কমিশন বা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই।" "আমরা আশা করছি, তারা আমাদের যুক্তি শুনে বুঝবেন, কেন আমরা উপজেলা নির্বাচন পিছিয়ে দিতে বলছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৫৩৫ ঘ.