ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার বিকালে জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনায় সৈয়দ আশরাফ এ আহান জানিয়ে বলেন, "জনগণ আমাদের ভোট দেবে। কিন্তু, তার আগে আমাদের প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্বাচনের তফসিল ঘোষণা, নির্ধারিত সময়ের কিছু আগেই শেখ হাসিনার দেশে ফেরা এবং তফসিল ঘোষণার পরই রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে বাণিজ্য উপদেষ্টার ঘোষণা- এ সব মিলিয়ে আলোচনা সভাস্থলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা - কর্মীদের ব্যাপক সমাগম ঘটে।
সভাপতির বক্তব্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান।
শেখ হাসিনার দেশে ফেরার দিন বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত 'মানব মাল্য' তৈরি করার জন্য দলের নেতাকর্মীদের অনুরোধ করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু।
আমু বলেন, "আগামী নির্বাচনে দেশের ভাগ্য নির্ধারণ হবে।"
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালিত হলে কোনো অপশক্তি টিকতে পারতো না।
নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান আব্দুর রাজ্জাক।
বিএনপি চেয়ারপার্সনের ভোটার হতে বিলম্ব করার প্রসঙ্গ তুলে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "ভোটার হতে হলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে বলে বেগম খালেদা জিয়া ভোটার হচ্ছেন না।"
সুরঞ্জিত সেনগুপ্ত জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার করা হলে আমরা সরকারকে অভিনন্দন জানাবো।"
তিনি বলেন, "ছয় নভেম্বর (হাসিনার ফেরার দিন) মিছিলে মিছিলে রাজপথ সয়লাব হয়ে যাবে।"
আলোচনা সভায় আরো বক্তব্য দেন মতিয়া চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অধ্যাপক আলী আশরাফ, সাহারা খাতুন, আসাদুজ্জামান নূর, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আব্দুর রাজ্জাক, নাজমা রহমান, হাবিবুর রহমান সিরাজ, ডা. দীপু মণি। সভা পরিচালনা করেন অসীম কুমার উকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৩১ঘ.
bdnews24