২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর পুত্র বাবুর বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক অর্থমন্ত্রী বিএনপি নেতা সাইফুর রহমানের পুত্র মো. সফিউর রহমান বাবুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী বিএনপি নেতা সাইফুর রহমানের পুত্র মো. সফিউর রহমান বাবুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। রোববার দুদকের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে অভিযুক্ত বাবু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি জরুরি বিধিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, সফিউর রহমান বাবু ১ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ২৩৯ টাকার অবৈধ সম্পদ দখলে রেখেছেন। এর মধ্যে তিনি দুদকে দাখিল করা সম্পদের হিসাবে ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৪৫৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। চলতি বছরের ২৯ এপ্রিল দুদকের উপ-সহকারী পরিচালক শারমিন ফেরদৌসি অভিযুক্তের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৪৪ঘ.