২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রিটের শুনানি শেষ: রোববার রায়

জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এর ওপর রোববার রায় দেবে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এর ওপর রোববার রায় দেবে হাইকোর্ট। বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ বৃহস্পতিবার সপ্তম দিনের মতো শুনানি গ্রহণ করে রায়ের এ দিন ধার্য করেন। এদিকে, জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা স্থগিতের হাইকোর্টের আদেশ খারিজের জন্য নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করেছে। রোববার ওই আবেদনের ওপরও শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন নির্বাচন কমিশনের করা এ আবেদনটির ওপর আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন দেন। রিটের ওপর বৃহস্পতিবার শেষ দিনের শুনানিতে রিটকারী পক্ষে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, "নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সীমানা পুনর্নির্ধারণ করেছে। এর বিরুদ্ধে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির রিট আবেদন শুনানির এখতিয়ার হাইকোর্ট বিভাগের রয়েছে।" তিনি আরও বলেন, "আদালতের চোখে যদি মনে হয় সীমানা পুনর্নির্ধারণ আইনানুগ হয়নি তাহলে আদালত তাকে আইন বহির্ভূতও ঘোষণা করতে পারে। " নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক সকালে আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য সময় চান। আদালত এতে ক্ষোভ প্রকাশ করে বলেন, "এ রিট শুনানির জন্য নির্বাচন কমিশনের পক্ষে সময় চাওয়া হয়। আদালতের কাঁধে বন্দুক রেখে নির্বাচন কমিশন গুলি করতে চেয়েছে।" শাহদীন মালিক বিকেলে শুনানিতে বলেন, "ক্ষমতাবহির্ভূত কোনো কাজ হলে বা আইনের অপপ্রয়োগ হলে তা আদালতে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু সীমানা পুনর্নির্ধারণ করে কোনো বেআইনি কাজ করা হয়নি।" আদালত সব পক্ষের শুনানি গ্রহণ শেষে রোববার রায়ের দিন দেন। রিটকারীর আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, "হাইকোর্টে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রিট বিচারাধীন। এটি শুনানির শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিতের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে। এ পর্যায়ে এ ধরনের আবেদন করা নজিরবিহীন।" সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান গত ৬ আগস্ট সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিট করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট এ সংক্রান্ত গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুল জারি করা হয়। একই বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমান নামে দু'জন আরও দুটি রিট করেছেন। সবগুলো রিটের একসঙ্গে শুনানি চলে। জাতীয় সংসদের তিনশ' আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত ১০ জুলাই চূড়ান্ত গেজেট জারি করা হয়। নির্বাচন কমিশনের যুক্তি, ২০০১ সালের আদমশুমারির পর নিয়ম অনুযায়ী আসন সীমানা পুনর্নির্ধারণ অপরিহার্য হয়ে পড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৮৫৮ঘ.