ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের আপিল আবেদন খারিজ করে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
ফলে নিম্ন আদালতে খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
বুধবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল আবেদন খারিজ করে দেয়।
আদালতের আদেশের পর বিএনপি চেয়ারপারসনের কৌঁসুলী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখেছে। ফলে নিম্ন আদালতের এ মামলার কার্যক্রম চলবে না।"
শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক; অপরদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
গত ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গত ৫ অক্টোবর ১৬ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেন।
বিচারাধীন সব মামলায় জামিন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১১ সেপ্টেম্বর বন্দিদশা থেকে ছাড়া পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩২৭ ঘ.
bdnews24