ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে ছাত্র, বিবাহিত বা যুগল হিসেবে বসবাস করতে চান এমন বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেওয়া হবে।
দেশটির সীমান্ত রক্ষা ও অভিবাসন সংক্রান্ত সংস্থা- ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) এ পরিচয়পত্র দেবে।
মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) বাইরে থেকে আগত সব অভিবাসীকে আগামী ২৫ নভেম্বর থেকে এ পরিচয়পত্র দেওয়া হবে। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নিয়োগকর্তা বা 'স্পন্সররা' সহজে ও দ্রুত ছাত্র বা কর্মী সম্পর্কে জানতে পারবেন। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রেও এ পরিচয়পত্র ব্যবহার করা যাবে।
অভিবাসীদের সবসময় এ 'কার্ড' বহন করতে হবে না। তবে কাজ পেতে এবং যুক্তরাজ্য থেকে বের হতে বা প্রবেশ করতে এ পরিচয়পত্র ব্যবহার করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, পরিচয়পত্রের আকার 'ক্রেডিট কার্ডের' মতো হবে। এতে কার্ডধারীর ছবি, নাম, জাতীয়তা, জন্ম স্থান ও তারিখ এবং ভিসার ধরনের তথ্য উল্লেখ করা থাকবে। এছাড়া পরিচয়পত্রে একটি ছোটো 'ইলেকট্রনিক চিপ' এর মাধ্যমে বাহকের বায়োমেট্রিক তথ্য (আঙ্গুলের ছাপ, ডিজিটাল মুখচ্ছবি প্রভৃতি) দেওয়া থাকবে। শুধু অনুমোদন প্রাপ্তরা পরিচয়পত্রের চিপ থেকে তথ্য জানতে পারবেন। এছাড়া বাহকের ব্যক্তিগত তথ্য ইউকেবিএতে সংরক্ষিত থাকবে।
যুক্তরাজ্যে আগত বিদেশিদের মধ্যে যারা ছয় মাসের বেশি মেয়াদের ভিসায় সেদেশে যাবেন বা অবস্থানের মেয়াদ বাড়াবেন আগামী তিন বছরের মধ্যে তাদের প্রত্যেককেই এই পরিচয়পত্র দেওয়া হবে। আগামী ২০১৪/১৫ সালের মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত ৯০ শতাংশ (ইইএ দেশ ছাড়া) অভিবাসীকে পরিচয়পত্র সরবরাহ করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ব্রিটিশ হাই কমিশনের অভিবাসন ইউনিটের প্রধান অড্রে স্টকসের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে এ বিষয়টিকে বাংলাদেশীদের জন্য 'সুখবর' আখ্যা দিয়ে বলা হয়, এর মাধ্যমে বেশ কিছু সেবা পাওয়া সহজ হবে এবং বৈধ অভিবাসীরা তাদের বসবাস ও কাজ করার অধিকার সহজে প্রমাণ করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০২৬ঘ.
bdnews24