২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগেই শীর্ষ যুদ্ধাপরাধীদের তালিকা হবে

নির্বাচনকে সামনে রেখে শীর্ষ কয়েকজন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করবে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকে সামনে রেখে শীর্ষ কয়েকজন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করবে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরাম। রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরদাহ স্মৃতি ট্রাস্ট ভবনে রোববার এক গোলটেবিল বৈঠকে ফোরামের সমন্বয়ক ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদ বীরপ্রতীক এ কথা জানান। 'বাংলাদেশের ভবিষ্যত-মুক্তিযোদ্ধাদের অধিকার-যুদ্ধাপরাধীদের পদচারণা' শীর্ষক বৈঠকটি আয়োজন করে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন। নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে হারুন-অর-রশীদ বলেন, "আমরা শীর্ষস্থানীয় কিছু যুদ্ধাপরাধীর তালিকা করব। তবে সেটি যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা নয়।" মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের জন্য অগ্নিপরীক্ষা, এ পরীক্ষায় পাস করতে পারলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দেশে ভালো থাকতে পারবে, না হয় কিল-লাথি খেয়ে থাকতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।" যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে সব মুক্তিযোদ্ধাকে এক হওয়ার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান ও মুক্তিবাহিনীর উপ-প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খোন্দকার বলেন, "আগামী নির্বাচন একটি সুযোগ। নির্বাচনে যেসব জায়গায় যুদ্ধাপরাধীরা প্রার্থী হতে পারে সেখানকার জনগণের প্রতি আবেদন জানাব তারা যেন যুদ্ধাপরাধীদের ভোট না দেন।" রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ-উর-রহমান বীরপ্রতীক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/এসকে/১৭৩৪ঘ.