ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়রের দায়িত্বে ফিরতে হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে নবগঠিত স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ও দুই সদস্যের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল ইকবাল বলেন, "মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নত চিকিৎসার্থে বিদেশ যাওয়ার জন্য চট্টগ্রামের মেয়রকে উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। এ কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়নি। উচ্চ আদালত থেকে তিনি জামিনে বেরিয়েছেন, দায়িত্ব নেওয়ার প্রয়োজনে তাকে আবারও উচ্চ আদালতে যেতে হবে।"
মেয়র মহিউদ্দিন উচ্চ আদালত থেকে পেয়ে গত ৮ অক্টোবর ছাড়া পান। বর্তমানে কাউন্সিলর মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। জামিনে মুক্ত হওয়ার পর পরই মহিউদ্দিন দায়িত্ব নেওয়ার আবেদন জানান।
এ ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে- আনোয়ারুল ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, " আবেদনটি আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের জন্য পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে- তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার জন্য জামিন দেওয়া হয়নি। তাই উচ্চ আদালতের সিদ্ধান্ত ছাড়া তাকে দায়িত্ব দেওয়া যাবে না। এই মুহূর্তে দায়িত্ব নেওয়ার প্রয়োজন হলে তাকে উচ্চ আদালতেই যেতে হবে।"
উপজেলা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, অন্য কোন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে সরকারের কোন মত পার্থক্য নেই। শুধু উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে তারা আপত্তি জানিয়ে আসছেন। তাদের আপত্তির কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ পিছিয়ে দেওয়া হয়েছে। তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল- জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন করতে হবে। কিন্তু কতদিন পার্থক্য প্রয়োজন সে ব্যাপারে তারা কিছু বলেননি। এ কারণে সরকার জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনের উদ্যোগ নিয়েছে।"
তবে শনিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকেদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের কমপক্ষে একমাস পর করতে হবে।
সরকার ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
জাতীয় ও উপজেলা নির্বাচনের মধ্যে সময়ের এই ব্যবধান বাড়ানো হবে কিনা- জানতে চাওয়া হলে আনোয়ারুল ইকবাল বলেন, "এ ব্যাপারে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/
bdnews24