২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন তারেক

মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথার জন্য তারেক রহমান লন্ডনে ফিজিথেরাপি চিকিৎসা নিচ্ছেন। চোখের সমস্যায়ও ভুগছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেকের চিকিৎসক কাজী মাযহারুল ইসলাম দোলন রোববার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথার জন্য তারেক রহমান লন্ডনে ফিজিথেরাপি চিকিৎসা নিচ্ছেন। চোখের সমস্যায়ও ভুগছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেকের চিকিৎসক কাজী মাযহারুল ইসলাম দোলন রোববার এ তথ্য জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এই চিকিৎসক গত ১১ সেপ্টেম্বর তারেকের সঙ্গেই যুক্তরাজ্য যান। কয়েকদিন আগে তিনি দেশে ফিরেছেন। ড. দোলন রোববার বিএসএমএমইউতে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "তারেক রহমান লন্ডন ব্রিজ হাসপাতালের চিকিৎসক জেমস টার্নারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথার জন্য তাকে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তার চোখেও সমস্যা দেখা দিয়েছে।" লন্ডনের চিকিৎসক তারেককে ছয় মাসের একটি ফিজিওথেরাপি কোর্স দিয়েছেন জানিয়ে ডা. দোলন বলেন, "দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় তারেক রহমানের রোগমুক্তিতে সময় লাগবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।" বিএসএমএমইউ'র এই চিকিৎসক বলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া ব্যয়বহুল বলে তারেক রহমান লন্ডনে তার ভাড়া করা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক দোলন আরও বলেন, "হাওয়া ভবন ঘিরে চালানো বিভিন্ন প্রচারণাও ভিত্তিহীন বলে দাবি করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, হাওয়া ভবন ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। এটাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছে।" তারেক রহমানকে জরুরি অবস্থা জারির কিছুদিন পরই ২০০৭ সালের ৮ মার্চ গ্রেপ্তার করা হয়। বিএনপির তরুণ একদল নেতাকে সঙ্গে করে তিনি নেপথ্যে একটি ক্ষমতার 'বিকল্প কেন্দ্র' গড়ে তুলে ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ আছে। চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। সব মামলায় জামিন নিয়ে তারেক গত ৩ সেপ্টেম্বর ছাড়া পান। তারেকের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোও ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য কোকো বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। খালেদা জিয়াও তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন নিয়ে ১১ সেপ্টেম্বর কারামুক্ত হন। মায়ের সঙ্গে দেখা করে সেদিনই লন্ডন রওনা হন তারেক। তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিবের দায়িত্বে ছিলেন। তবে বিদেশ যাওয়ার আগে তিনি ওই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে তাকে পদত্যাগ করতে হয় বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৫০৭ঘ.