২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ নভেম্বর সংসদ ও উপজেলার তফসিল: সিইসি

আগামী ২ নভেম্বর জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল একসঙ্গে ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা শনিবার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২ নভেম্বর জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল একসঙ্গে ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা শনিবার এ তথ্য জানিয়েছেন। সকালে শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, "২ তারিখে (২ নভেম্বর) সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল এক সঙ্গে ঘোষণা করব আমরা।" এর আগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শামসুল হুদা বলেন, "নভেম্বরের ২ তারিখে যদি আমরা তফসিল ঘোষণা করি, এরপর থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আপনাদের নির্ভয়ে কাজ করে যেতে হবে।" জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচন কমিশনের একমাত্র এজেন্ডা হচ্ছে জাতিকে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। তা সফল করতে আপনাদের নীতির মধ্যে থেকে কাজ করতে হবে।" আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন এবং ২৪ ও ২৮ ডিসেম্বর দুই পর্যায়ে উপজেলা নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) প্রশিক্ষণ দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্র্বে ৩২ জন জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। ২৮ অক্টোবর থেকে দ্বিতীয় পর্বে আরও ৩২ জন জেলা প্রশাসক প্রশিক্ষণ নেবেন। সিইসি জেলা প্রশাসকদের নির্বাচনী আইন কানুন সঠিকভাবে প্রয়োগে নিরপেক্ষ থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "জেলা প্রশাসকরা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এ সব কর্মকর্তাদের নির্বাচন কমিশন ছাড়া নির্দেশ দেওয়ার আর কেউ নেই। নিয়মানুযায়ী (থিওরিটিক্যালি) প্রধান উপদেষ্টাও তা পারবে না। জেলা পর্যায়ে নানা ধরনের লোক থাকবে। সেক্ষেত্রে ইসি'র নির্দেশনা ছাড়া কিছু করা ঠিক হবে না।" সিইসি জেলা প্রশাসকদের বলেন, "জীবনে সুখ-শান্তি চাইলে ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। অন্যায় কাজ করলে আপনাদেরও ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হবে।" আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দিয়ে শামসুল হুদা বলেন, "মনোনয়নপত্র ভালো করে যাচাই-বাছাই করলে অনাকাক্সিক্ষত ব্যক্তিরা ঝরে পড়বে।" মনোনয়নপত্র নিরীক্ষার সময় প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলোও যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সিইসি বলেন, "সামান্য নামের বানান ভুলের মতো ছোটখাটো কারণে কোনও ভোটার যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।" অনুষ্ঠানে অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমডি/এমআই/জিএনএ/১২৩৮ ঘ.