ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণ পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
শুক্রবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবরাহিমের নেতৃত্বে জরুরি অবস্থা জারির পর কল্যাণ পার্টি নামে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়।
ঢাকা সেনানিবাস সংলগ্ন কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) আয়োজিত ওই অনুষ্ঠানে সৈয়দ ইবরাহিম বলেন, "সেনা সদস্যরা যুদ্ধ ক্ষেত্রে অথবা প্রাকৃতিক দুর্যোগে যেভাবে জনগণের পাশে এসে দাঁড়ান; তেমনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও তাদের সাহসিকতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে রাজনীতির মাধ্যমে দেশের সেবা করা উচিত।"
তিনি বলেন, "দেশের মানুষ আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেখতে চায় না। দেশ গঠনে আজ জাতীয় ঐক্য গড়ে তোলা চাই।"
এ লক্ষ্যে কল্যাণ পার্টিতে যোগ দেওয়ার জন্য সাবেক সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
আফাজুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মুশতাক হোসেন, ডেসওয়া'র সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারী, মুজিবুল হক, কাজী সিরাজুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএইচবি/১৮১২ ঘ.
bdnews24