ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনের জন্য এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) রোববার থেকে মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু করবে।
জাপার মনোনয়ন প্রত্যাশীদের ৫ হাজার টাকা দিয়ে ওই ফরম কিনতে হবে।
শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, "দলীয় চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে ৫ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নের আবেদন ফরম পাওয়া যাবে। ৩০ অক্টোবর পর্যন্ত তা সংগ্রহ করা যাবে। জমা দেওয়া যাবে ৩১ অক্টোবরের পর্যন্ত।"
মনোনয়নের আবেদন ফরম জাপা কোষাধ্যক্ষ মো. খালেদ আখতার বিতরণ করবেন এবং জমা নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "রোববার সকাল ১১টায় এরশাদ নিজে আবেদনপত্র সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।"
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষিত হয়েছে। নভেম্বরের শুরুতে তফসিল আসবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এরশাদ ইতোমধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনে মহাজোটের অধীনে জাপাকে ৬০টি আসন দেওয়া হয়।
২০০১ সালের নির্বাচনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির ১৪ জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে জাপা মোট ভোটের ৭ দশমিক ২২ শতাংশ পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৮ ঘ.
bdnews24