ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে পৌনে ৯টায় এ আলোচনা শেষ হয়।
সংলাপ শুরুর আগে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা সরকারের সঙ্গে আবারও সংলাপে বসছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে আমাদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা করব। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে।''
গত ১৪ অক্টোবর সরকারের সঙ্গে বিএনপির প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনপি তখন জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানো, খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা' মামলা প্রত্যাহার, বন্দি নেতাদের মুক্তি, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন, পুরনো সীমানায় নির্বাচন ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ- এ ৭ দফা দাবি উত্থাপন করেছিল।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে পাঁচ উপদেষ্টা গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান অংশ নেন।
সংলাপে বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সহসভাপতি টি এইচ খান, সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে দুপুরে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ বসেন সরকারের উপদেষ্টারা।
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। প্রথম দফা সংলাপে ১৬টি রাজনৈতিক দল অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24