২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সরকারের সংলাপ শুরু

বিএনপির সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্র্র্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ শুরু হয় বলে কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্র্র্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ শুরু হয় বলে কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গত ১৪ অক্টোবর সরকারের সঙ্গে বিএনপির প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনপি তখন জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানো, খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা' মামলা প্রত্যাহার, বন্দি নেতাদের মুক্তি, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন, পুরনো সীমানায় নির্বাচন ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ- এ ৭ দফা দাবি উত্থাপন করেছিল। বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সরকারের পক্ষে আছেন এবং পাঁচ উপদেষ্টা গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান। এই পাঁচ উপদেষ্টা বুধবার রাতে খালেদা জিয়ার বাসায় তার দেখা করেন। এর পর সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বিএনপির সঙ্গে সংলাপের এই তারিখ জানান। সংলাপ শুরুর আগে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা সরকারের সঙ্গে আবারও সংলাপে বসতে যাচ্ছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে আমাদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা করব। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে।'' খোন্দকার দেলোয়ারের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে আরও রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সহসভাপতি টি এইচ খান, সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। ইতোমধ্যে আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ হয় সরকারের। এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সংষ্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত বিএনপির দুই অংশ এবং আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এই প্রাক -সংলাপে অংশ নেয়। প্রাক-সংলাপের প্রতিবেদন চলতি মাসের প্রথম সপ্তাহে সুপারিশ আকারে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৮২০ ঘ.