২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হয়েছে আ. লীগ-সরকার সংলাপ

আওয়ামী লীগের সঙ্গে সরকারের উপদেষ্টাদের সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটায় এ সংলাপ শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সঙ্গে সরকারের উপদেষ্টাদের সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটায় এ সংলাপ শেষ হয়। সংলাপে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার স্থায়ী মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানো, সীমানা পুনর্নিধারণ নিয়ে জটিলতার নিস্পত্তি, ঘোষিত সময়ে নির্বাচন করা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে সরকারের পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তার সঙ্গে ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। অন্যদিকে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে গত ৩ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সরকারের প্রথম সংলাপ হয়। ওই সংলাপে শেখ হাসিনার স্থায়ী মুক্তি, আটক সব নেতার মুক্তি, শেখ হাসিনাসহ দলের সবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারসহ বেশকিছু দাবি জানিয়েছিল আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সন্ধ্যা সোয়া ৬টায় বিএনপি'র সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ হওয়ার কথা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শুরু হয় চলতি বছরের ২২ মে। প্রথম দফায় আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন সরকারের উপদেষ্টারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এমএ/জেকে/এমএইচবি/১৭৪২ ঘ.