ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনা নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে দেশে ফিরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "চলতি মাসের ১৭ তারিখে ডাক্তারের সঙ্গে হাসিনার অ্যাপয়েন্টমেন্ট থাকলেও পরে তা পিছিয়ে অক্টোবরের ২৯ তারিখ করা হয়েছে।"
হাসিনার চিকিৎসার স্বার্থে চিকিৎসক এ তারিখ পরিবর্তন করেছেন বলেও জানান তিনি।
হাসিনার বিশেষ সহকারী আরো বলেন, "এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিবেন তিনি। এছাড়া দেশে ফেরার আগে নভেম্বরের শুরুতেই লন্ডনে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।"
হাসিনা এখন কানাডার টরোন্টোতে মেয়ে পুতুলের বাসায় রয়েছেন বলে জানান হাসান মাহমুদ।
গত নয় অক্টোবর হাসান মাহমুদ লন্ডন যান। সেসময় হাসিনা লন্ডনে অবস্থান ছিলেন। এরপর তিনি হাসিনার সঙ্গে ব্রাসেলস ও টরন্টো যান।
১১ মাস কারাবন্দি থাকার পর গত ১১ জুন বিশেষ ব্যবস্থায় শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১২৩০ ঘ.
bdnews24